চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে একটি মাদক মামলায় দু’জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুইশ গ্রাম হেরোইনসহ আটকের মামলায় আদালত এ রায় প্রদান করেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা সাহারাগাছি গ্রামের মৃত আলতাব হোসেনের ছেলে মো. মোসলেহ উদ্দিন (৪৫) ও একই গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. আবদুস সামাদ (৫৫)। দুইজনকেই সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অনাদায়ে আরও ৩ মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। জানা যায়, ২০১৬ সালের ০৩ মার্চ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা টংপাড়া এলাকায় দণ্ডপ্রাপ্ত দুইজনকে হেরোইনসহ আটক করে জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি দল। এ সময় দুইজনের কাছ থেকে একশ গ্রাম করে মোট দুইশ গ্রাম হেরোইন জব্দ করা হয়। দুজনের লুঙ্গির গিটের মধ্যে প্যাকেটে থাকা হেরোইন জব্দ করে ডিবি পুলিশ। জেলা পুলিশের গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান অভিযানের নেতৃত্ব দেন। পরে উপপরিদর্শক মো. ওসমান গণী একই বছরের ৩০ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করেন।
আদালত সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে গতকাল বৃহস্পতিবার দুপুরে এ রায় প্রদান করেন। সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আঞ্জুমান আরা বেগম জানান, ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় আদালত এই রায় প্রদান করেছেন। এতে দুজনকেই যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার রায় দেওয়া হয়েছে। অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।