তানোরে ‘বাইস’র চাপে বাড়ি ছাড়া দুই মৎস্যজীবী পরিবার!
আলিফ হোসেন, তানোর : রাজশাহীর তানোরে স্বাবলম্বী হবার স্বপ্ন নিয়ে এনজিও বাংলাদেশ ইগনাইট ইয়থ সোসাইটি (বাইস) থেকে ঋণ গ্রহণ করে, ঋণ পরিশোধে এনজিও কর্মকর্তাদের মামলাসহ নানামুখী ভয়ভীতি ও হুমকি-ধামকির মুখে বাড়ি ছাড়া হয়েছে দুটি মৎস্যজীবী পরিবার। তানোর পৌর সদরের শীতলীপাড়া মহল্লায় এঘটনা ঘটেছে।
জানা গেছে, শীতলীপাড়া মহল্লার বাসিন্দা ভুমিহীন মৎস্যজীবী মজিদুল ইসলাম ও আব্দুস সবুর স্বাবলম্বী হবার স্বপ্নে বুকভরা আশা নিয়ে এনজিও বাইস থেকে উচ্চ সুদে ঋণ গ্রহণ করেন। তারা বিলে মাছ আহরণের জন্য এসব ঋণের টাকায় কারেন্ট জাল কিনেন।
কিন্তু সপ্তাহ না পেরুতেই বিলে মাছ আহরণ করতে গিয়ে প্রশাসনের ভ্রাম্যমাণ অভিযানে কারেন্ট জাল হারায়। আর জাল হারানোর মধ্যদিয়ে মুলত তাদের ভাগ্যর চাকা হারিয়ে যায়। একদিকে জাল নাই, অন্যদিকে করোনায় বাইরে তেমন কোনো কাজ নাই বেকার, দুই মিলে তারা পরিবারের ভরণপোষনের চিন্তায় দিশেহারা পড়ে। এদিকে পরিবারের মুখে দুবেলা দুমুঠো খাবার যোগাতে হিমশিম, তখন ঋণের টাকা পরিশোধে এনজিও কর্মকর্তাদের মামলাসহ নানামুখী হুমকি-ধামকির মুখে তারা বাধ্য হয়ে বাড়ি ছাড়া হয়েছে।
ভুক্তভোগীর পরিবার সুত্রে জানা গেছে, মৎস্যজীবী মজিদুল ও সবুর তানোর বাইস এনজিও থেকে ৩০ হাজার টাকা করে ঋণ গ্রহণ করে প্রায় ২০ হাজার টাকার কিস্তি পরিশোধ ও ৪ হাজার টাকার সঞ্চয় জমা করেন।
এমতাবস্থায় জাল হারানো ও করোনা প্রার্দুভাবে বেকার হয়ে পড়ায় বাকি ৬ হাজার টাকার কিস্তি পরিশোধে ব্যর্থ হয়। অথচ মাত্র ৬ হাজার টাকার কিস্তি সময়মত পরিশোধ করতে না পারায়, তাদের বিরুদ্ধে কোর্টে মামলা করার হুমকি বাইস থেকে নোর্টিশ দেওয়া হয়। এতে মামলা ও গ্রেফতার আতংকে তারা বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, অনেক স্বপ্ন নিয়ে বিলে মাছ শিকারের জন্য এনজিও থেকে ঋণ নিয়ে কারেন্ট জাল কেনা হয়েছিল, এসব জাল নিষিদ্ধ সেটা তাদের জানা ছিল না। ফলে মৎস্য অফিসের অভিযানে জাল গুলো বিল থেকে তুলে পুড়িয়ে দেয়া হয়। এতে অর্থ উপার্জনের একমাত্র অবলম্বন জাল হারিয়ে তারা দিশেহারা, কিস্তি তো পরের কথা দুবেলা দুমুঠো খাবার সংগ্রহ করা তাদের কাছে দুরুহ হয়ে উঠেছে।
এই অস্থায় কিস্তি পরিশোধে মামলার হুমকি দিয়ে নোটিশ দেয়ায় তারা ভয়ে বাড়ি ছাড়া হয়েছে। আর পরিবারের অর্থ উপার্জনের একমাত্র পুরুষ সদস্য বাড়ি ছাড়া হওয়ায় পরিবারগুলো চরম মানবেতর জীবনযাপন করছে বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে। এবিষয়ে জানতে চাইলে ‘বাইস’ তানোর শাখার (ম্যানেজার) কর্মকর্তা মামলা ও হুমকি-ধামকির অভিযোগ অস্বীকার করে বলেন, মৎস্যজীবী হোক বা ব্যবসায়ী হোক কিস্তি আদায়ে কোনো ছাড় নাই।
তিনি বলেন, ঋণ নিয়েছে কিস্তি পরিশোধ করতেই হবে। এ বিষয়ে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)পঙ্কজ চন্দ্র দেবনাথ বলেন, বেসরকারি প্রতিষ্ঠান এনজিও থেকে গরীব অসহায় মানুষের মাঝে ঋণ সহায়তা দেয়ার নিয়ম আছে, কিন্তু জোর করে বা মামলার হুমকি-ধামকি দিয়ে কিস্তি আদায়ের কোনো সুযোগ নাই। তিনি বলেন, যদি এরকম হয়ে থাকে তাহলে বিস্তারিত খোঁজখবর নিয়ে দেখা হবে।
