১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

সাদা খাতা জমা, কারও প্রাপ্তি শূন্য, ৩০ শিক্ষার্থীকে বহিষ্কারের হুঁশিয়ারি

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ৭:৫১ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক, শিক্ষানগর
সাদা খাতা জমা, কারও প্রাপ্তি শূন্য, ৩০ শিক্ষার্থীকে বহিষ্কারের হুঁশিয়ারি
বিজ্ঞাপন

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ : পরীক্ষার খাতায় কোনো উত্তর না লিখে জমা দেওয়া এবং লিখেও শূন্য নম্বর পাওয়ার ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজের ৩০ শিক্ষার্থীকে সতর্ক করেছে কলেজ কর্তৃপক্ষ। এ ঘটনায় শিক্ষার্থীদের কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে বহিষ্কারের পাশাপাশি ছাড়পত্র (টিসি) নিয়ে অন্য কলেজে চলে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) কলেজের অধ্যক্ষ ড. মো. সেরাজ উদ্দীন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
কলেজ সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা শাখার প্রাক্-নির্বাচনি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করতে গিয়ে ৩০ শিক্ষার্থীর অস্বাভাবিক ফলাফল নজরে আসে। তাদের মধ্যে কেউ উত্তরপত্রে কোনো উত্তর না লিখেই সাদা খাতা জমা দিয়েছে। আবার কেউ উত্তর লেখার পরও পেয়েছে শূন্য নম্বর। এ ঘটনায় পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষার্থীদের এমন উদাসীনতার কারণ জানতে চেয়েছে কলেজ প্রশাসন। বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের আগামী তিন কার্যদিবসের মধ্যে অধ্যক্ষের কার্যালয়ে লিখিত ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারলে কলেজ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। পাশাপাশি নিজ দায়িত্বে শিক্ষাবোর্ডের সঙ্গে যোগাযোগ করে টিসি নিয়ে অন্য কলেজে চলে যেতে হবে।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ ড. মো. সেরাজ উদ্দীন বলেন, কলেজের শিক্ষার মান বজায় রাখতেই এমন কঠোর অবস্থান নেওয়া হয়েছে। পরীক্ষার আগে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরও সতর্ক করা হয়েছিল। এরপরও কয়েকজন শিক্ষার্থী পড়াশোনা না করে উত্তরপত্রে কিছুই লেখেনি। এ কারণে তাদের কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী তাদের বিরুদ্ধে বহিষ্কারের ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন