১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

গোদাগাড়ীতে সিহাব হত্যার রহস্য উদ্ঘাটন, ৪ জন গ্রেফতার

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ৭:৪৩ অপরাহ্ণ | বিভাগ: আইন-আদালত, রাজশাহী
গোদাগাড়ীতে সিহাব হত্যার রহস্য উদ্ঘাটন, ৪ জন গ্রেফতার
বিজ্ঞাপন

গোদাগাড়ী সংবাদদাতা : রাজশাহীর গোদাগাড়ীতে চাঞ্চল্যকর কিশোর অটোচালক সিহাব রানা (১৬) হত্যার রহস্য উদ্ঘাটন করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়ি ও ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধারসহ ৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়, কিশোর অটোচালক সিহাব রানা গত ২৭ অক্টোবর বিকেলের দিকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। পরে একই তারিখ আনুমানিক রাত ৮ টার সময় অভিযুক্ত মোঃ হাবিবুল বাসার শিমুল ভিকটিম সিহাব রানার অটোরিকশাটি ২০০ টাকা ভাড়া নিয়ে দিগ্রামের উদ্দেশ্যে রওনা হয়।
পূর্বপরিকল্পনা অনুযায়ী অটোরিকশাটি গোদাগাড়ী থানার মোহনপুর ইউনিয়নের কলিপুর গ্রামে গোদাগাড়ী-আমনুরা সড়কের পশ্চিম পাশে পৌঁছালে অভিযুক্ত মোঃ হাবিবুল বাসার শিমুল পিছন দিক থেকে ভিকটিম সিহাব রানার মাথায় লোহার হাতুড়ি দিয়ে পরপর দুটি আঘাত করে। এসময় ভিকটিম সিহাব রানার মৃত্যু নিশ্চিত করে তাকে রাস্তার পাশের ধানক্ষেতে ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে অভিযুক্ত মোঃ হাবিবুল বাসার শিমুল ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম সিহাবের পরিবার তাকে বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেন। তার কোনো সন্ধান না পাওয়ায় ভিকটিমের পিতা মোঃ সোহেল রানা গত ২৮ অক্টোবর ছেলের নিখোঁজ সংক্রান্তে গোদাগাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
পরবর্তীতে গত ৩১ অক্টোবর সকাল আনুমানিক ৮ টার দিকে গোদাগাড়ী থানার মোহনপুর ইউনিয়নের কলিপুর গ্রামে গোদাগাড়ী-আমনুরা সড়কের পশ্চিম পাশে একটি ধানক্ষেত থেকে পুলিশ ভিকটিম সিহাব রানার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় নিহতের পিতা মোঃ সোহেল রানা বাদী হয়ে গোদাগাড়ী মডেল থানার এফআইআর নং-০১, তারিখ- ০১ নভেম্বর ২০২৬; জিআর নং- ৩৪৫; ধারা- ৩০২/৩৭৯/২০১/৩৪, পেনাল কোড, ১৮৬০ দায়ের করেন। পরে রাজশাহী জেলার পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদ এর দিকনির্দেশনায় সহকারী পুলিশ সুপার (গোদাগাড়ী সার্কেল) মোঃ সামসুল আলম ও অফিসার ইনচার্জ জনাব মোঃ সুজন মিঞাসহ পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাজ্জাক হোসেনের নেতৃত্বে গোদাগাড়ী মডেল থানার একটি চৌকস দল তথ্যপ্রযুক্তি ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১২ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭ টায় অভিযান পরিচালনা করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার জয়নগর মীরপাড়া এলাকার একটি অটোগ্যারেজ থেকে কিশোর অটোচালক সিহাব রানা হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়ি ও ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধারসহ ৪ জন আসামিকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, উপজেলার লস্করহাটী গ্রামের মোঃ ইব্রাহিম আলীর পুত্র হাবিবুল বাশার শিমুল, একই গ্রামের মোঃ ইব্রাহিম আলীর স্ত্রী মোসাঃ জোহুরা বেগম, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার জয়নগর মীরপাড়া গ্রামের মৃত রমজান আলী বিশ্বাসের পুত্র মোঃ সুজন ও চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার বাগানপাড়া গ্রামের মোঃ মতিউর রহমানের পুত্র মোঃ আঃ হালিম। এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তগণকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন