পুঠিয়া সড়ক দুর্ঘটনায় এক চিকিৎসকের মৃত্যু
স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহীর পুঠিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত ডা. আকতার হোসেন বাবু (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর বাড়ি দুর্গাপুর উপজেলার মোহাম্মাদপুর গ্রামে। তিনি গত ২৪ জানুয়ারি পুঠিয়া উপজেলার নন্দনগাছী সড়কের মুক্তিযোদ্ধা মোড় এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়ে ছিলেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউতে) মারা যান। তিনি বাংলাদেশ প্যারা মেডিকেল ডক্টরস অ্যাসোসিয়েশন অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ছিলেন।
এছাড়াও পুঠিয়া উপজেলার নওপাড়া বাজারে চেম্বার খুলে নিয়মিত রোগী দেখতেন। তাঁর ভাতিজা মুন্না ইসলাম আগুন জানান, তার চাচা ডা. আকতার হোসেন বাবু গত ২৪ জানুয়ারি পুঠিয়া উপজেলার নন্দনগাছী সড়কের মুক্তিযোদ্ধা মোড় নামক স্থানে দুপুর একটার দিকে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাথায় প্রচন্ড আঘাত পান। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাঁর অবস্থার বেগতিক দেখে সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি নেওয়া হয়। চার দিন চিকিৎসা শেষে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
