নওহাটা ওয়ার্ল্ড ভিশন উদ্যোগে বিদ্যালয়ে টয়লেট নির্মাণ
পবা প্রতিনিধি : ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পবা এরিয়া প্রোগ্রামের আয়োজনে প্রাথমিক বিদ্যালয়ে আধুনিক শৌচাগারের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১২টায় নওহাটা পৌর এলাকার চৌবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আধুনিক শৌচাগারের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও লসমী চাকমা।
চৌবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এরশাদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পবা উপজেলার সহকারী শিক্ষা অফিসার রোজী খন্দকার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্লেইনল্যান্ড ক্লাস্টার, ফিল্ড প্রোগ্ৰাম অপারেশন, ডেপুটি ডিরেক্টর জেনী মিলড্রেড ডি. ক্রুশ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাজশাহী এসিও সিনিয়র ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরীফিকেশন। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এই ধরনের মহতী উদ্যোগকে সাধুবাদ জানান ইউএনও লসমী চাকমা।
চৌবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. এরশাদ আলী জানান, আমাদের বিদ্যালয়ে মোট শতাধিক ছাত্র-ছাত্রীদের জন্য দুইটি টয়লেট যথেষ্ট ছিল না। ছাত্র-ছাত্রীদের করোনাকালিন সময়ে হাত ধূয়ার জন্য ওয়াশ ব্লক ও টয়লেট দিয়েছেন। প্রধান শিক্ষক খালেদা বানু বলেন, ‘আগে আমাদের বিদ্যালয়ে টয়লেট (শৌচাগার) ভালো না থাকার কারণে ছাত্র-ছাত্রীদের অনেক সমস্যা হতো।
শিশুদের পাশাপাশি আমরা চরম কষ্টে ছিলাম।’ বিদ্যালয়ের জরাজীর্ণ শৌচাগারের জায়গায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় নতুন শৌচাগার পেয়ে আমরা অনেক আনন্দিত। উক্ত বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র আকাশ জানান, এটা খুবই সুন্দর ও আমাদের জন্য খুবই উপকারী। এটা পেয়ে আমরা খুবই আনন্দিত।
