রাজশাহীতে ৬০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১
স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ৬০০ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁর নাম খয়বর হোসেন ওরফে সুকুমার (৪৫)। নওগাঁর মহাদেবপুর উপজেলার মধুবন গ্রামে তাঁর বাড়ি। গত মঙ্গলবার বিকালে র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল রাজশাহীর বেলপুকুর থানার কিসমত জামিরা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, ব্যাটারিচালিত একটি ভ্যান গাড়িতে চড়ে হেরোইন নিয়ে যাচ্ছিলেন খয়বর।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁকে ধরতে র্যাবের একটি দল কিসমত জামিরা গ্রামে চেকপোস্ট বসায়। ভ্যানটি চেকপোস্টের সামনে গেলে খয়বর কৌশলে পালানোর চেষ্টা করেন। এ সময় হেরোইনসহ তাঁকে ঘটনাস্থলে আটক করা হয়। এ ব্যাপারে তাঁর বিরুদ্ধে বেলপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। উদ্ধারকৃত হেরোইনের মূল্য প্রায় ৬০ লাখ টাকা বলে র্যাব জানিয়েছে।
