বাঘায় নিখোঁজের এক বছর পর ছাত্রী উদ্ধার!
স্টাফ রিপোর্টার, বাঘা : বাঘায় নিখোঁজের ১৪ মাস পর ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার তাকে উদ্ধার করে সন্ধ্যায় তার বাবা-মার কাছে হস্তান্তর করা হয়। বাঘা থানার উপ পরিদর্শক মাহফুজুর রহমান জানান, ২০২০ সালের ৫ডিসেম্বর ওই স্কুলছাত্রী কাউকে না বলে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। সে একজন বাক প্রতিবন্ধী। তার বাড়ি বাঘা উপজেলার চানপুর-ব্যাঙগাড়ি গ্রামে। সে ওই গ্রামের আব্দুর হান্নানের কণ্যা।
এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে বাঘা থানায় জিডি করেন। এরপর থেকে বিভিন্নভাবে খোঁজ খবর নেওয়া হয়। সর্বশেষ মোবাইল নম্বর ট্র্যাকিং করে গত শনিবার দিবাগত রাতে রাজধানী ঢাকার মীরপুর এলাকার পানির পাম্পের পশ্চিমে সেওড়াপাড়া একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়।
সে এক ছেলের সাথে পরিচয়ের পর থেকে ওই ভাড়া বাড়িতে থাকতো। তবে ওই ছেলেকে পাওয়া যায়নি। উদ্ধারের পর রোববার সন্ধ্যায় ছাত্রীর বাবা-মার নিকট হস্তান্তর করা হয়েছে। ছাত্রীর পিতা জানান, স্থানীয় দাদপুর-সরেরহাট উচ্চ বিদ্যালয় থেকে গত বছর এসএসসি পাশ করার পরে জোতরাঘর বিএম কলেজে ভর্তি করা হয়।
