বাঘায় পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ
বাঘা প্রতিনিধি : রাজশাহীর বাঘায় পূর্ব শত্রুতার জেরে এক পুকুরে বিষ দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হরিরামপুর মহাজন পাড়া এলাকার মিনারুল ইসলামের পুকুরে এ ঘটনা ঘটে। পুকুর মালিক বলেন, ১৪ জানুয়ারি শুক্রবার সকালের দিকে লোক মুখে জানতে পারি পুকুরে মাছ মারা যাচ্ছে। প্রথমে আমি ধারনা করেছিলাম হয়তো পুকুরে গ্যাস হয়েছে। পরে পুকুরে দুই জনকে নামিয়ে দিয়ে জানতে পারি পানির নিচে মাছ মরে আছে। তখন নিশ্চিত হয় কেউ আমার পুকুরে বিষ দিয়েছে।
এরপর দুপুর ২ টার দিকে ৯৯৯ এ কল দিলে বাঘা থানা পুলিশ পুকুরটি পরিদর্শন করেন। তিনি আরও জানান, কতিপয় ব্যক্তি আমার সাথে দীর্ঘদিন ধরে শত্রুতা করে আসছে। আমার ধারণা তারাই পুকুরে বিষ প্রয়োগ করেছে। এতে করে বিভিন্ন প্রজাতির প্রায় এক লক্ষ বিশ হাজার টাকার মাছ নিধন করা হয়েছে। এ ঘটনায় পুকুর মালিক বাদি হয়ে ওইদিন রাতেই কয়েক জনের নাম উল্লেখ পূর্বক থানায় একটি অভিযোগ দাখিল করেন। বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে তদন্ত পূর্বক আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
