এফএনএস : সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপহরণ ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে ৭২ বছরের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগ। গত সোমবার নিউ ইয়র্ক থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ব্রুকলিনের প্রসিকিউটররা জানিয়েছেন থমাস ওয়েলনিকি সাবেক মার্কিন প্রেসিডেন্টকে জ্ঞাতসারে এবং ইচ্ছাকৃতভাবে হত্যা, অপহরণ এবং শারিরীকভাবে ক্ষতিগ্রস্ত করার হুমকি দিয়েছেন। প্রসিকিউটরদের অভিযোগ ২০২০ সালের জুলাইয়ে মার্কিন ক্যাপিটল পুলিশকে দেওয়া সাক্ষাৎকারে ওয়েলনিকি বলেছিলেন, ট্রাম্প যদি ‘২০২০ সালের নির্বাচনে হেরে যায় এবং সরে যেতে অস্বীকার করে’ তাহলে তিনি ‘অস্ত্র নেবেন আর তাকে গুলি করবেন।’
এছাড়া গত বছরের জানুয়ারিতে ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে নিউইয়র্কের লং আইল্যান্ডে অবস্থিত সিক্রেট সার্ভিসের কার্যালয়ে দুইটি ভয়েস মেসেজ পাঠান থমাস ওয়েলনিকি। এসব মেসেজে তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্পের পাশাপাশি ১২ জন অজ্ঞাত কংগ্রেস সদস্যকে তিনি হত্যার হুমকি দেন। যুক্তরাষ্ট্রের কুইন্সে বসবাস করেন অভিযুক্ত থমাস ওয়েলনিকি। ট্রাম্পকে হত্যার হুমকি দেওয়া বার্তায় তিনি বলেছিলেন, ‘আমি হুমকিই দিচ্ছি। পারলে আমাকে গ্রেফতার করো। ডোনাল্ড ট্রাম্প ও ১২ বানরকে হত্যার জন্য আমি সম্ভব সবকিছুই করবো।’ গত নভেম্বরে তিনবার মার্কিন সিক্রেট সার্ভিসকে ফোন করেন ওয়েলনিকি। প্রতিবারই তিনি নিজের নাম উল্লেখ করে পরিচয় দেন। এসব ফোনকলে তিনি ট্রাম্পকে হিটলার আখ্যা দেন। আর তাকে হত্যার জন্য সবকিছু করবেন বলে জানান।