১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

মহানগরীতে ৩ কোটি টাকার চেক পেলেন ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তরা

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২২, ৭:৪৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
মহানগরীতে ৩ কোটি টাকার চেক পেলেন ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তরা
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : জেলা প্রশাসনের আয়োজনে মহানগরীর সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প, ওয়াসার ভূ-উপরিস্থ পানি শোধণাগার নির্মাণ ও গ্যাসক্ষেত্র নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ করেছিল রাজশাহী জেলা প্রশাসন। এতে ওই এলাকার ৫৪ জন ভূমির মালিক ক্ষতিগ্রস্ত হন এবং ভাঙ্গা পড়ে অনেকের বাড়ি। এসব ক্ষতিগ্রস্ত ভূমি ও বাড়ির মালিকদের মাঝে ক্ষতিপূরণের ৩ কোটি ২১ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।

গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের কাছে চেক বিতরণ করেন রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্ এনডিসি। উক্ত অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী, সহকারী কমিশনার (এনডিসি) আব্দুল্লাহ আল রিফাত, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মাহমুদুল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্ এনডিসি বলেন, পূর্বে অধিগ্রহণকৃত জমির টাকা উত্তোলন করতে অনেক কষ্ট করতে হত। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে অধিগ্রহণের টাকা ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের কাছে হস্তান্তর করা হচ্ছে। সরকার জমি অধিগ্রহণ করলে ওই এলাকায় প্রকৃত মূল্যের তিনগুণ দিয়ে থাকেন। এর আগে দেড় গুণ দেয়া হতো। অধিগ্রহণের সময়ে দলিলে কম মূল্য থাকলে কম টাকা পাবেন। সেজন্য জমি ক্রয় করে প্রকৃত মূল্য দলিলে উল্লেখ করতে জমির ক্রেতা ও বিক্রেতাদের অনুরোধ জানান বিভাগীয় কমিশনার।

এ সময় তিনি স্বল্প সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের তিনগুণ মূল্য ক্ষতিপূরণ দিতে রাজশাহী জেলা প্রশাসকের প্রতি সন্তুষ্ট প্রকাশ করেন। এ ক্ষতিপূরণ পাওয়ার জন্য কেউ কোনো প্রকারের টাকা দাবি করে থাকলে তা সরাসরি জেলা প্রশাসককে অবহিত করার জন্যও নির্দেশনা দেন তিনি। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আব্দুল জলিল জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় টেকসই উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন স্থানে রাস্তা প্রশস্তকরণসহ বিভিন্ন ধরনের মহতি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে রাজশাহী নগরীর রাস্তা প্রশস্তকরণ, ওয়াসার পানি শোধনাগার নির্মাণ ও গ্যাসক্ষেত্র নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণে করা হয়েছে।

এই উন্নয়নমূলক কাজে যাদের ভূমি অধিগ্রহণ করা হয়েছে তাদের আজ চেক দেয়া হচ্ছে। এই চেক বিতরণে কোনো প্রকারের দুর্নীতি ও হয়রানির স্বীকার ভূমি মালিককে হতে হয়নি বলে জানান জেলা প্রশাসক। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ক্ষতিগ্রস্তদের উদ্দেশে বলেন, এখন থেকে ভূমি অধিগ্রহণের টাকা উত্তোলনে কেউ কোনো ধরনের হয়রানির শিকার হবেন না। কোনো দালাল বা তৃতীয়পক্ষ না ধরে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ব্যক্তি জমির প্রয়োজনীয় কাগজপত্রসহ জেলা প্রশাসকের কার্যালয়ের এলএ শাখায় যোগাযোগ করলে অতি সহজে স্বল্প সময়ের মধ্যে ক্ষতিপূরণ পাবেন বলে জানান তিনি।

৫৪ জন ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে নগরীর তালাইমারী এলাকার মো. মামুনুর রশীদ বলেন, চেক পাইতে কোন হয়রানি হয়নি। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ও জেলা প্রশাসক মহোদয়কে অনেক ধন্যবাদ জানাই। নগরীর নতুনবিলসিমলা এলাকার ফরিদা বেগম ১ লাখ টাকা পেয়েছেন। তিনি কোন ধরনের ঝামেলা ছাড়াই টাকা পাওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন। নগরীর উত্তর নওদাপাড়ার রোসনারা খাতুনের ওয়াসার ভূ-উপরিস্থ পানি শোধণাগার নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ করা হয়। তিনি ৩ লাখ ২১ হাজার টাকা স্বল্প সময়ে ও হয়রানির শিকার না হয়ে পেয়ে আনন্দ প্রকাশ করেছেন। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্য ক্ষতিগ্রস্তদের মাঝে বাকি অর্থ বন্টন হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন