১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

চারঘাট ও দুর্গাপুরে ফসলি জমিতে পুকুর খনন করায় জেল-জরিমানা

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২২, ৭:৪০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
চারঘাট ও দুর্গাপুরে ফসলি জমিতে পুকুর খনন করায় জেল-জরিমানা
বিজ্ঞাপন

চারঘাট ও দুর্গাপুর প্রতিনিধি : রাজশাহীর চারঘাটে কৃষি জমিতে পুকুর খনন করার অভিযোগে দুইজনকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে চারঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়তি রানী কৈরী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, উপজেলার ইউসুফপুর ইউনিয়নের শ্রীখন্ডী বিলে ও সরদহ ইউনিয়নের সাদীপুর বিলে কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খনন চলছিল। খবর পেয়ে সোমবার সন্ধার দিকে সেখানে অভিযান চালানো হয়। চারঘাট মডেল থানার সহযোগিতায় অভিযুক্তদের আটক করে উপজেলা ভূমি অফিস কার্যালয়ে আনা হয়।

এ সময় কৃষি জমিতে পুকুর খনন করে মাটি উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন মোতাবেক অভিযুক্ত শ্রীখন্ডী গ্রামের জমি মালিক মাহবুবুর রহমানকে ৫০ হজার টাকা ও সাদীপুরে খনন যন্ত্রেট (ভেকু) মালিক শামীর হোসেনকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়তি রানী কৈরী বলেন, ‘ফসলি জমিতে অবৈধ ভাবে পুকুর খনন করায় দুইজনকে জরিমানা করা হয়েছে। এ অভিযান আগামীতেও চলমান থাকবে।’

এদিকে, রাজশাহীর দুর্গাপুর উপজেলার গুনাজীপাড়া বিলে কৃষি জমি নষ্ট করে অবৈধভাবে পুকুর খনন করছিল ঝুন্টু মিয়া নামের এক ব্যক্তি। পুকুরের সেই মাটি বিক্রি করছিল ইটের ভাটায়। এমন সংবাদে ওই পুকুরে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় কৃষি জমির মাটি ইটভাটায় বিক্রির দায়ে দুইজনকে আটক করে জেল জরিমানা করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি শুভ দেবনাথ। অভিযানের সময় পালিয়ে যাওয়ায় পুকুরের মালিক ঝুন্টু মিয়াকে আটক করা যায় নি। থানার পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার দুপুর ২টার সময় উপজেলার গুনাজীপাড়া গ্রামে কৃষি জমি নষ্ট করে পুকুর খনন ও পুকুরের মাটি ইটভাটায় বিক্রির অভিযোগে এস্কেভেটর গাড়ির ড্রাইভার পুঠিয়া উপজেলার পঁচামাড়িয়া গ্রামের ইকবাল হোসেন (২৫) ও পুকুর খননের সহযোগী দুর্গাপুর উপজেলার গোলাবাড়ী গ্রামের ফরহাদ হোসেন (৩৫) আটক করে পুলিশ।

পরে ভ্রাম্যমান আদালতে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন, ২০১৩ এর ৫(১) ধারায় তাঁরা দোষী সাব্যস্ত হলে ওই আইনের ১৫(১) ধারা মোতাবেক কৃষি জমির মাটি ইটভাটায় বিক্রির অপরাধে এস্কেভেটর গাড়ির ড্রাইভার ইকবাল হোসেনকে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড ও পুকুর খননের সহযোগী ফরহাদ হোসেনের ৩০হাজার টাকা অর্থদন্ড করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি শুভ দেবনাথ। পরে ভ্রাম্যমান আদালতে ৩০হাজার টাকা অর্থদন্ড দিয়ে ফরহাদ ছাড়া পেলেও জেলহাজতে প্রেরণ করা হয়েছে ড্রাইভার ইকবালকে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন