সড়ক দুর্ঘটনায় রাবি শিক্ষার্থীর মৃত্যু দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন
রাবি প্রতিনিধি : সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের এমবিএ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী সোহাগ মিয়া নিহত হওয়ার ঘটনায় দোষী চালকসহ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীরা। গতকাল রবিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের তাজউদ্দীন আহমদ সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচির আয়োজন করা হয়।
এসময় শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড প্রদর্শন করেন। প্ল্যাকার্ডে লেখা ছিল- বয়কট ন্যাশনাল ট্র্যাভেল, হাতে স্টিয়ারিং নাকি খুনের লাইসেন্স, জীবনের মূল্যে অর্থ নয় হত্যাকারীর বিচার চাই, আমার ভাইয়ের লাশ রাস্তায় কেন? রক্ত পিপাসা না মিটলে রাস্তায় নয় ঘরে এসে খেয়ে যাও, ক্ষমা চেয়ে কি হবে ভাঙ্গা গাড়ি সারবা কবে, মন্ত্রীরা আমাদের মৃত্যুর আর্তনাদ আপনাদের হৃদয়ে কি পৌঁছে না, স্বাধীনতার পঞ্চাশ বছর তো পালন করে নিলাম চলেন উন্নত সড়কে অভিনব মৃত্যু উদযাপন করি।
মানববন্ধনে হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী বেলাল হোসেন বিপ্লবের সঞ্চালনায় শিক্ষার্থীরা বলেন, সড়ক দুর্ঘটনা রাষ্ট্রের কত বড় সংকট তা আমরা বুঝতে পারছি। সমাজ আজ স্বপ্নবাজ মানুষদের হারাচ্ছে। আমরা যারা আজ রাস্তায় দাঁড়িয়েছি তা থেকে সরকার কে জানাই সরকার নীতিগত সিদ্ধান্ত নিক। আমরা চাই নীতিগত সিদ্ধান্তের মধ্যে দিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার। বাসের চালক গুলো যদি অভিজ্ঞ থাকতো তাহলে রাস্তায় এমন দূর্ঘটনা হতো না। আমরা সোহাগের মৃত্যুর সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শান্তির দাবি জানাচ্ছি।
হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের শ্রেণী কক্ষ থেকে পাঠ দান করি, ছাত্ররা পাঠ গ্রহণ করে। আমাদের স্বাভাবিক কার্যক্রম শ্রেণীকক্ষে তা বাদ দিয়ে আজ আমাদের রাস্তায় কথা বলতে হচ্ছে। সোহাগের চলে যাওয়া হিসাববিজ্ঞান পরিবার, ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।
তিনি আরো বলেন, আমরা চাই এ ঘটনাগুলো বন্ধ হোক। এক ড্রাইভার রাতে গাড়ি চালিয়ে আসছে সকালে আবার তাকে গাড়ি দেওয়া হচ্ছে। তার কোন বিশ্রাম নাই।
তারা হেলপার দিয়ে গাড়ি চালাচ্ছে, মাদক গ্রহণ করছে, আবার গাড়ির ফিটনেস নেই। আমরা এসকল কিছুর অবসান চাই। আমরা চাই না কোন শিক্ষার্থীর জীবন সড়ক পথে চলে যাক। সরকারের কাছে পৌঁছে দিতে চাই আমরা এমন অকাল মৃত্যু চাই না। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে আরো উপস্থিত ছিলেন, অধ্যাপক সাইয়েদুজ্জামান, প্রক্টর মো. লিয়াকত আলী, ছাত্র উপদেষ্টা তারেক নুর, অধ্যাপক শাহ আলম, অধ্যাপক এম হুমায়ুন কবির, অধ্যাপক ড. দিল আরা সহ প্রায় তিন শতাধিক শিক্ষার্থীর উপস্থিত ছিলেন।
