আ’লীগ নেতা এনামুল হক কলিন্সের মৃত্যুতে শোক প্রকাশ
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগর আওয়ামী লীগের সদস্য এনামুল হক কলিন্স এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। গতকাল সোমবার এক শোক বার্তায় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এদিকে বাদ যোহর কাদিরগঞ্জস্থ হাজী লাল মোহাম্মদ ঈদগাহ্ ময়দানে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সদস্য এনামুল হক কলিন্সের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে অংশ নেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকারসহ মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
রাজশাহী প্রেসক্লাবের শোক : আওয়ামীলীগ নেতা এনামুল হক কলিংয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। সোমবার রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলা যুক্ত এক বিবৃতিতে এ শোক প্রকাশ করা হয়। বিবৃতিতে সংগঠন দুটির নেতারা বলেন, ন্যায়ের পক্ষে মুজিব আদর্শের সাহসী সৈনিক এনামুল হক কলিংয়ের মৃত্যুর সংবাদ খুবই কষ্টের। তিনি জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সঙ্গেও যুক্ত ছিলেন।
নব্বইয়ের দশকে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে ঘাতক দালাল বিরোধী যে আন্দোলনের সূচনা হয়েছিল, সে আন্দোলনে তিনি রাজশাহীতে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অথচ তাকে অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে দিনাতিপাত করতে হয়েছে। দুঃখজনক যে, তিনি অসুস্থ হলেও তার সুচিকিৎসায় তেমন কেউ এগিয়ে আসেনি। বিবৃতিতে সংগঠনের নেতারা এনামুল হকের অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
