পুঠিয়ায় শ্যালো মেশিনে মাফলার আটকে যুবলীগ নেতার মৃত্যু
এফএনএস : রাজশাহীর পুঠিয়ায় জমিতে পানি সেচ দিতে গিয়ে শ্যালো মেশিনের পাম্পের সঙ্গে গলার মাফলার আটকে এক যুবলীগ নেতা মারা গেছেন। গত বৃহস্পতিবার রাতে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের গোড়াগাছি গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত যুবলীগ নেতার নাম আমজাদ হোসেন। তিনি শিলমাড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। আমজাদ মঙ্গলপাড়ার গোড়াগাছি গ্রামের আব্বাস আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে পুকুর থেকে জমিতে পানি সেচ দিতে যান আমজাদ। রাত ৮টা পর্যন্ত না ফিরলে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে পুকুর পাড়ে শ্যালো মেশিনের সঙ্গে মাফলার জড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাকে। সেখান থেকে তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসা হয়। এ বিষয়ে পুঠিয়া থানার ওসি মো. সোহরাওয়ার্দী হোসেন বলেন, শিলমাড়িয়া ইউনিয়নের গোড়াগাছি গ্রামে এ ধরনের একটি দুর্ঘটনার ঘটেছে। দুর্ঘটনাবশত শ্যালো মেশিনের পাম্পের সঙ্গে গলার মাফলারটি আটকে শ্বাসরোধে মৃত্যু হয় তার। তিনি বলেন, এ ঘটনায় স্বজনদের কোনো অভিযোগ না থাকায় থানায় একটি আবেদনের প্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হবে।
