নারীর প্রতি সহিংসতা-বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার : রাজশাহীতে নারীর প্রতি সহিংসতা ও বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবীর। রাজশাহী জেলা প্রশাসন ও মহিলা অধিদফতরের যৌথ আয়োজনে উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল জলিল। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন, রাজশাহী মহিলা বিষয়ক অধিদফতরের উপ-পরিচালক শবনম শিরিন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মহিউদ্দীন আহমেদ।
মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, কেশরহাট পৌরসভার মেয়র মো. শাহিদুজ্জামান শহিদ, সোনালী সংবাদ পত্রিকায় সম্পাদক লিয়াকত আলী, সোনার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক আফজাল হোসেন, রাজশাহী কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ জান্নাতুন সায়মা, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মর্জিনা পারভিন, এনজিও প্রতিনিধি আফজাল হোসেন, অ্যাড. সাবিনা বেগম, নিকাহ রেজিস্টার সাধারণ সম্পাদক মো. আব্দুর রশিদ তালুকদার, রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রতিনিধিগণ।
মতবিনিময় সভায় নারীর প্রতি সহিংসতা ও বাল্য বিবাহ প্রতিরোধ কল্পে বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা রোধে সরকারের ৯৯৯ কল সেন্টার সার্বক্ষণিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নারীর সম্মান, অধিকার নিশ্চিত করতে আমাদের প্রত্যেককে নিজ নিজ পর্যায় থেকে কাজ করতে হবে। সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জোরদার করতে হবে। এছাড়াও উপস্থিত বক্তারা আরো বলেন, নারীর ক্ষমতায়নের মাধ্যমে সমাজকে এগিয়ে নিতে পারিবারিক সহিংসতা প্রতিরোধ করতে হবে। এ ক্ষেত্রে সামাজিক সচেতনতার বিকল্প নেই। নারীর নীরবতার সুযোগ নিয়েই নির্যাতনের পরিধি বাড়ছে সমাজজুড়ে।
নারী-পুরুষনির্বিশেষে সামাজিক সচেতনতা তৈরির মাধ্যমে, কর্মক্ষেত্রে তাৎক্ষণিক প্রতিবাদের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব বলে জানা উপস্থিত বক্তারা। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, উপপরিচালক (স্থানীয় সরকার) শাহানা আখতার জাহান, সিভিল সার্জন ডা. মো. কাইয়ুম তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী, পবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লসমী চাকমা, নওহাটা পৌরসভার মেয়র মো. হাফিজুর রহমান হাফিজ প্রমূখ।
