রামেক হাসপাতালে ছাদ থেকে ইট পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে কাজ করার সময় পাঁচতলা ভবনের ছাদ থেকে মাথায় ইট পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের ভেতরেই এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম নাজিম উদ্দিন (৫০)। জেলার গোদাগাড়ী উপজেলার ভাগাইল গ্রামে তাঁর বাড়ি। বাবার নাম মৃত আবদুর রশিদ। হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী নাজিমের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালের ভেতরে চারতলা একটি ভবনের ঊর্দ্ধমুখী সম্প্রসারণের কাজ চলছে।
শ্রমিকেরা নিচে থেকে পাঁচতলার ওপরে ইট উঠাচ্ছিলেন। তখন একটি ইট ওপর থেকে নিচে নাজিমের মাথার ওপরে পড়ে। এতে গুরুত্বর আহত হলে তাঁকে হাসপাতালেরই ৮ নম্বর ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরিচালক বলেন, ‘ঠিকাদারকে সাবধানতা অবলম্বন করেই কাজ করতে বলেছি। তাও কথা শোনেনি। এ কারণে এ রকম একটা দুর্ঘটনা ঘটে গেল। মৃত্যুর পর তাঁর লাশ মর্গে রাখা হয়েছে।’ নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘এটা ঠিকাদারের অবহেলায় মৃত্যু। নিহত ব্যক্তির পরিবারকে খবর দেওয়া হয়েছে। তাঁরা চাইলে মামলা করতে পারবেন। বিষয়টি পরিবারের ওপরেই নির্ভর করছে।’
