রাজশাহীতে সবচেয়ে কম সহিংসতাপূর্ণ ইউপি নির্বাচন হয়েছে : ডিসি
চারঘাট প্রতিনিধি : রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল বলেছেন, আমি গর্ব করে বলতে পারি নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী সারাদেশের মধ্যে সবচেয়ে কম সহিংসতাপূর্ণ ইউপি নির্বাচন হয়েছে রাজশাহীতে। আর তাই পূর্বের ধারা বজায় রেখে সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের স্বার্থে সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। কেউ নির্বাচন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না।
গতকাল শনিবার সকাল ১১টায় চারঘাট উপজেলা পরিষদের হলরুমে উপজেলার ছয়টি ইউনিয়নের নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত প্রার্থীদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আব্দুল জলিল এসব কথা বলেন।
আব্দুল জলিল বলেন, কয়েক দিন আগে জেলার চার উপজেলার নির্বাচন হয়েছে। সেখানে ধাক্কাধাক্কি কিংবা ধস্তাধস্তির মত ঘটনাও ঘটেনি। এখানেও ঘটবেনা সেটা আমরা চাই। সুষ্ঠু নির্বাচন করতে আন্তরিক বলেই আমরা ডিসি-এসপি আপনাদের সাথে কথা বলতে এসেছি। সুষ্ঠু নির্বাচন বাস্তবায়ন করতে আমরা ওয়াদাবদ্ধ। ভোটের ব্যালট পেপার কেন্দ্রে সকালে যাবে। ভোটাররা শান্তিপূর্ণ ভাবে ভোট দেবে, ভোটের রক্ষা কবজ হিসাবে আমরা মাঠে থাকবো।
তিনি আরো বলেন, টাকা কিংবা পেশিশক্তি দিয়ে নির্বাচনে পাশ করা যাবেনা। ভোটে ৫০ লক্ষ টাকা খরচ করে আপনি চেয়ারম্যান হবেন না আপনি এক নম্বর চোর হবেন। ইউনিয়নে বছরে ২০ লক্ষ টাকা বাজেট আসেনা। আপনি এত টাকা খরচ করে চেয়ারম্যান হয়ে সেদিন থেকেই চুরি করা শুরু করবেন। কাজেই টাকা খরচ না করে জনগণের কাছে ভোট প্রার্থনা করুন। ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি হয়ে জনগণের সেবা করুণ। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরার সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম।
এর আগে সকাল ১০ টায় উপজেলা সম্মেলন কক্ষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ প্রিজাইডিং অফিসারদের উদ্দেশ্যে বাস্তবসম্মত, কার্যকর ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন করতে যাওয়া ৬০ জন প্রিজাইডিং অফিসার বিভিন্ন বিষয়ে তাদের মতামত ব্যক্ত করেন।
