ফটো সাংবাদিক জুয়েলের পিতার দাফন সম্পন্ন
প্রেস বিজ্ঞপ্তি : সিপাহীপাড়া নিবাসী হোসেন আলী গত শুক্রবার রাত ১১টার দিকে ইন্তেকাল করেন (ইন্না….. রাজিউন)। হোসেন আলী রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সদস্য ও দৈনিক নতুন প্রভাত পত্রিকার ফটো সাংবাদিক গুলবার আলী জুয়েলের পিতা। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭০ বছর। তিনি দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বড় ছেলে জুয়েল বলেন, শুক্রবার রাত ১১ টার দিকে পরিবারের সদস্যদের সাথে রাতের খাবার খাচ্ছিলেন তিনি। এসময় তাঁর শ্বাসকষ্ট শুরু হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তারা। তবে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন। আজ শনিবার বাদ জোহর হেতেম খাঁ বড় জামে মসজিদে তাঁর নামাজের জানাযা অনুষ্ঠিত হয় এবং হেতেম খাঁ গোরস্থানে তাঁকে দাফন করা হয়।
জানাযা ও দাফনের সময় রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক সামাদ খান সহ অন্যান্য সাংবাদিক, মরহুমের আত্মীয় স্বজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। আজ রোববার বাদ আসর হেতম খাঁ বড় জামে মসজিদে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া করা হবে।
