রাজশাহী মুক্ত দিবস আজ
প্রেস বিজ্ঞপ্তি : আজ ১৮ ডিসেম্বর, রাজশাহী মুক্ত দিবস। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় অর্জন হলেও তখনো রাজশাহী শত্রুমুক্ত হয় নি। আজকের এই দিনে রাজশাহীকে শত্রুমুক্ত ঘোষণা করা হয়। মুক্তিযুদ্ধাকালীন সাত নম্বর সেক্টরের লালগোলা সাব সেক্টর ৪-এর কমান্ডার মেজর গিয়াস উদ্দীন আহমেদ চৌধুরী, বীর বিক্রম রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা হাইস্কুল মাঠে মঞ্চে উঠে জাতীয় সংগীত পরিবেশনের পর আনুষ্ঠনিকভাবে বাংলাদেশের পতাকা উত্তোলন করে রাজশাহীকে শত্রুমুক্ত ঘোষণা করেন।
দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারো কর্মসূচি হাতে নিয়েছে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। কর্মসূচির মধ্যে শনিবার বিকাল ৩টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে রাজশাহী প্রেসক্লাব চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন রাজশাহী প্রেসক্লাব ও স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমান।
