দুই টাকায় মিলছে মার্কা কর্মী সমর্থকদের ভিড়
মচমইল থেকে সংবাদদাতা : পছন্দের প্রার্থীর মার্কা কিনতে ভিড় জমাচ্ছেন কর্মী-সমর্থকরা। গতকাল রোববার দিনব্যাপি চলে আসন্ন নির্বাচনে মনোনয়ন দাখিলকৃত ব্যক্তি যাচাই-বাছাই। সময়ের পূর্বে উপজেলা পরিষদ চত্বরে এসে হাজির প্রার্থী, সমর্থক, প্রস্তাবক সহ কর্মীবৃন্দ। নির্বাচনের আমেজে মার্কার পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। দলীয় প্রতিক ছাড়া সংরক্ষিত এবং সাধারণ পদে সকল প্রতিকই পাওয়া যাচ্ছে ভ্রাম্যমান এই দোকানে। চাহিদাও রয়েছে মার্কার। নিজের প্রার্থীর পক্ষে মার্কা কেনায় ব্যস্ত সময় পার করেন লোকজন। এক পিচ ২ টাকা।
তবে ১০০ মার্কা বিক্রি হচ্ছে ১৯০ টাকায়। প্রার্থীরা মনোনয়নপত্রে নিজের পছন্দের মার্কা উল্লেখ করে তা দাখিল করেছেন। সেই মার্কা অনুযায়ী তাদের সমর্থকরা প্রচার-প্রচারণা শুরুর আগেই কিনে রাখছেন। ভবানীগঞ্জ বাজারের হাফিজুর রহমান উপজেলা পরিষদ চত্বরে দোকান দিয়েছেন মার্কার। বিক্রিও হচ্ছে ভালো বলে জানিয়েছেন তিনি। এদিকে মাড়িয়া ইউনিয়নের সদস্য পদে জালাল উদ্দীন নামে এক ব্যক্তির পছন্দের মার্কা মোরগ। শশুরের সেই মার্কা ছেলে মেয়ের জন্য কিনলেন জামাই।
প্রচার-প্রচারণার জন্য সেফটি পিন লাগিয়ে ব্যবহার করতে পারবেন বলে ওই প্রার্থীর জামাই বেলাল উদ্দীন জানান। তবে উপজেলা রিটানিং কর্মকর্তার পক্ষ থেকে প্রার্থীদের মার্কা বরাদ্দ দেয়া হবে ২০ ডিসেম্বর। এদিকে যারা যাচাই-বাছাই এ টিকে গেছেন তাদের লোকজনই বেশি পরিমানে মার্কা সংগ্রহ করছেন।
