চাকা ফেটে ডোবাতে গাড়ি!
স্টাফ রিপোর্টার : নগরীর উপকন্ঠ কাটাখালি থানাধীন বেলপুকুর রেলক্রসিং এর পার্শ্বের একটি ডোবাতে পড়ে থাকতে দেখাগেছে একটি প্রাইভেট কার। গতকাল দুপুর দুইটার দিকে দেখাগেছে, ডোবা মধ্যে পড়ে থাকা গাড়িটিকে লোহার শেকল দিয়ে বেঁধে টেনে তোলার চেষ্টা করছেন বেশ কয়েকজন শ্রমিক। পাশেই দাড়িয়েছিলেন গাড়িটির মালিক দূর্গাপুর রৈপাড়া নিবাসী আইনালসহ তার অন্যান্য স্বজনরা। দূর্ঘটনার কারণ জানতে চাইলে আইনাল জানান, গত ১০ ডিসেম্বর রাত্রি আনুমানিক সাড়ে দশটার দিকে রাজশাহী থেকে নিজ গ্রাম দূর্গাপুরে পরিবার নিয়ে যাবার সময় বেলপুকুর রেলক্রসিং এর সামান্য একটু আগে এসে গাড়ির একটি টায়ার বিকট শব্দ করে ফেটে যায়।
গাড়ীর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বিপরীত দিকের একটি গভীর ডোবাতে যাত্রী সমেত গাড়িটি পড়ে যায়। ডোবার মুখের সামনে মাঝারি আকৃতির বেশ কয়েকটি গাছ থাকায় ধাক্কা লেগে বেশি গভীরে যেতে পারেনি আকস্মিক দূর্ঘটনায় পতীত হওয়া গাড়িটি। তবে এই দূর্ঘটনায় কেউ হতাহত হয়নি। গাছের সাথে ধাক্কা খেয়ে গাড়ির বেশ কয়েকটি স্থান ডেবে গেছে। গাড়িটিতে মোট যাত্রীর সংখ্যা ছিল পাঁচজন। গাড়ির মালিক আইনালের বক্তব্যনুযায়ী, মাত্র ছয় থেকে সাত মাস আগেই গাড়ির সামনের অংশে নতুন চাকা লাগানো হয়েছিল। নতুন চাকা তেমন কোন কারণ ছাড়াই কিভাবে ফেটে গেল সেটি ভাবিয়ে তুলেছে তাদেরকে।
অত্যন্ত স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ রাস্তা বলে বিবেচিত এই স্থানটি। দূর্ঘটনার সময় যদি ঢাকা থেকে রাজশাহী মূখী কোন বাস বা ট্রাক আসতো তবে ঘটতে পারতো মর্মান্তিক কোন দূর্ঘটনা। এছাড়াও স্থানীয়রাসহ প্রত্যক্ষদর্শীরা এবিষয়ে বলেন, গাড়ির চালক যদি নিয়মিত হতেন তবে গাড়িটি নিয়ন্ত্রণ করতে না পারলেও রাস্তার বিপরীত দিকে গিয়ে ডোবাতে পড়তেন না। চালকের হাত তেমন পাকাপুক্ত নয় বলেই রাস্তার বিপরীত দিকের গভীর ডোবাতে গিয়ে পতিত হয়েছিল গাড়িটি। ভরা মৌসুম না হওয়াতে ডোবাতে পানিও কম ছিল। পানি বেশি থাকলে হয়তো বিপদ আরো বেশি হতো।
