চারঘাটে প্রার্থিতা ফিরে পেলেন ২ জন প্রার্থী
চারঘাট প্রতিনিধি : হাইকোর্টে রিট করে প্রার্থিতা ফিরে পেয়েছেন রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মতলেবুর রহমান ও সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য পদপ্রার্থী সোহাগ আলী। হাইকোর্টের আপিল বিভাগ তাদের প্রার্থিতা বহাল রেখে প্রতীক বরাদ্ধ করতে রিটার্নিং কর্মকর্তাসহ প্রধান নির্বাচন কমিশনার ও জেলা নির্বাচন কর্মকর্তাকে আদেশ দিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৯ নভেম্বর মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে বয়স জটিলতায় ওই দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
এর পরিপ্রেক্ষিতে পরের দিন চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান ও সদস্য প্রার্থী সোহাগ আলী সুপ্রিম কোর্টের আপিল বিভাগে রিট পিটিশন আবেদন করেন। এর প্রেক্ষিতে আপিল বিভাগ তাদের প্রতীক বরাদ্ধের আদেশ দেন। গতকাল বৃহস্পতিবার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমানকে আনসার প্রতীক ও সদস্য পদপ্রার্থী সোহাগ আলীকে মোরগ প্রতীক বরাদ্দ দেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশের প্রেক্ষিতে ওই দুই প্রার্থী নির্বাচনে তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। আদেশে তাদের প্রতীক বরাদ্ধ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। সকল কাগজ পত্র যাচাই-বাছাই করে বৃহস্পতিবার তাদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে আগামী ২৬ ডিসেম্বর চারঘাট উপজেলার ৬টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।
