১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারার হামিকুৎসায় আনোয়ারের পরিবর্তে সানোয়ারা হল নৌকার প্রার্থী

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২১, ৬:৫৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারার হামিকুৎসায় আনোয়ারের পরিবর্তে সানোয়ারা হল নৌকার প্রার্থী
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলার হামিরকুৎসা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান আনোয়ার হোসেনের নৌকা প্রতীকের মনোনয়ন কেড়ে নিলেন সানোয়ারা খাতুন। আনোয়ার হোসেন হামিরকুৎসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৬ সালের ইউপি নির্বাচনে তিনি প্রথমে দলীয় মনোনয়ন পেলেও নানান অভিযোগের কারনে সাফিনুর নাহারকে দলীয় মনোনয়ন দেন আওয়ামী লীগ। সে সময় দলীয় প্রার্থীকে পরাজিত করে বিপুল ভোটে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন আনোয়ার হোসেন। আসন্ন নির্বাচনেও ঘটেছে একই ঘটনা। এবারও প্রথমে দলের পক্ষ থেকে তাকে নৌকা প্রতীক প্রদান করা হয়।

কিন্তু কেন্দ্রীয় নির্বাচনীয় বোর্ডের নিকট আবারও আনোয়ারের বিরুদ্ধে অভিযোগ দাখিল করলে তার প্রার্থীতা প্রত্যাহার করে নিয়ে গতবারের নৌকার প্রার্থী সাফিনুর নাহারকে বাদ দিয়ে নতুনভাবে হামিরকুৎসা ইউনিয়নে রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সানোয়ারা খাতুনকে মনোনয়ন দেওয়া হয়েছে। গতকাল সোমবার রাতে তিনি দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি উপজেলার ১৬ ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

দলীয় সূত্রে জানা যায়, ২ ডিসেম্বর রাজশাহী ও রংপুর আওয়ামী লীগের বিভাগীয় সভায় উপজেলার ১৬ ইউপি থেকে প্রাথমিকভাবে দলীয় প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। এর মধ্যে হামিরকুৎসা ইউনিয়নেত দলীয় প্রার্থী হিসেবে আনোয়ার হোসেনের নাম প্রকাশ করা হলে ইউনিয়ন আওয়ামী লীগের মধ্যে স্বস্তিফিরে আসে। সে মোতাবেক নির্বাচনী এলাকায় নৌকার প্রার্থী হিসেবে আনোয়ার হোসেন প্রচার ও গণসংযোগ শুরু করেন। প্রার্থীতা পরিবর্তন হওয়ায় তৃণমূল আওয়ামী লীগের মধ্যে চরম ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে। পরবর্তীতে গেল শুক্রবার রাতে প্রার্থীর তালিকা পরিবর্তনের আভাস পাওয়া যায়।

এরপর গত শনিবার দলের বোর্ড সভায় উপজেলার ১৬ ইউপির মধ্যে ১৪ ইউপিতে মনোনয়ন চূড়ান্ত করা হলেও হামিরকুৎসা ও যোগীপাড়া ইউনিয়নে প্রার্থী পরিবর্তনের জন্য স্থগিত করা হয়েছিল। সর্বশেষ হামিরকুৎসা ইউনিয়নে আনোয়ার হোসেনের পরিবর্তে সানোয়ারা খাতুনকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়। মনোনয়নপত্রসহ সংক্রান্ত একটি ছবিও তিনি সামজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেন। মুঠোফোনে সানোয়ারা খাতুন বলেন, প্রার্থী পরিবর্তন করে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে হামিরকুৎসা ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন দিয়েছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন