রাজশাহীতে যাত্রা শুরু করল পুলিশ ব্লাড ব্যাংক
স্টাফ রিপোর্টার : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্ম শতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ‘রক্তে মোরা বাঁধন গড়ি, রক্ত দেব জীবন ভরি’ এই স্লোগানকে সামনে রেখে রাজশাহী মহানগরীতে যাত্রা শুরু করলো পুলিশ ব্লাড ব্যাংক, আরএমপি, রাজশাহী। গতকাল বেলা ১১ টায় বিভাগীয় পুলিশ হাসপাতাল, রাজশাহীতে “পুলিশ ব্লাড ব্যাংক, আরএমপি, রাজশাহী” এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আরএমপি’র পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতার কেটে এবং নিজে স্বেচ্ছায় রক্তদান করে “পুলিশ ব্লাড ব্যাংক, আরএমপি, রাজশাহী”এর উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ নওশাদ আলী ও ডাঃ মুহাম্মদ মাহবুব-উল-আলম, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল।অনুষ্ঠাটি সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) জনাব মো: সুজায়েত ইসলাম। “পুলিশ ব্লাড ব্যাংক, আরএমপি রাজশাহী” এর উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, আরএমপিতে পুলিশ ও ননপুলিশ মিলে মোট ৩২১৫ জন কর্মকর্তা কর্মচারী কর্মরত রয়েছেন। অধিকন্ত রাজশাহী জেলা পুলিশ, আরআরএফ, সিআইডি, পিবিআই, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও তাদের পরিবারের সদস্যরা বিভাগীয় পুলিশ হাসপাতাল, রাজশাহী হতে চিকিৎসা গ্রহণ করে থাকেন।
বাংলাদেশ পুলিশের কর্মক্ষেত্রে ঝুকিপূর্ণ দায়িত্ব পালন করাকালে অথবা তাদের পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য প্রায়শই রক্তের প্রয়োজন হয়। আর এই রক্ত সংগ্রহ করতে গিয়েই পুলিশ এবং ননপুলিশ সদস্যদের বিড়ম্বনার স্বীকার হতে হয় বা অনেকেই রক্ত সংগ্রহ করতে পারেন না। এইসব দিক বিবেচনায় আরএমপি’র উদ্যোগে “পুলিশ ব্লাড ব্যাংক, আরএমপি রাজশাহী” স্থাপন করা হয়। দরিদ্র অসহায় মেধাবীদের মাঝে শিক্ষোপকরণ বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শারিরীক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। একইভাবে আরএমপি’র সকল সদস্য ও তাদের পরিবারের সদস্যদের মেডিকেল টেস্টের ক্ষেত্রে ছাড়ের জন্য পুলিশ কমিশনারের সাথে তিনটি ডায়াগনস্টিক সেন্টার চুক্তিবদ্ধ হয়েছে।
