চারঘাটে ৬ চেয়ারম্যান প্রার্থীসহ ২১ জনের মনোনয়ন প্রত্যাহার
চারঘাট প্রতিনিধি: : রাজশাহীর চারঘাট উপজেলার ছয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জনসহ ২১ জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন গতকাল সোমবার বিকেল ৫টা পর্যন্ত তারা আবেদনের মাধ্যমে প্রার্থিতা প্রত্যাহার করেন। এর আগে ছয় ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৯ জন মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাইয়ের পর ২৮ প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়। উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ভায়ালক্ষীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে চার জন মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে আওয়ামী বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান শওকত আলী বুলবুল ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
নিমপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন মনোনয়নপত্র জমা দেন। আওয়ামী বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সুজন আলী ও জেলা যুবলীগ নেতা কামাল হোসেন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। শলুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে সাত জন মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে আ’লীগ বিদ্রোহী উপজেলা যুবলীগের যুগ্ন-সম্পাদক নজরুল ইসলাম নয়ন প্রার্থীতা প্রত্যাহার করেছেন। শলুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়নপত্র জমা দেন। তাদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব করিম জুয়েল তাঁর মনোনয়ন প্রত্যাহার করেছেন। এছাড়া বাকি দুই ইউনিয়ন সরদহ ও চারঘাট সদরে কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেননি।
এদিকে ছয় ইউনিয়নে সাধারণ সদস্য পদে ২৩৬ জনের মনোনয়ন বৈধতা পেলেও শেষ দিনে ১৪ জন তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। সংরক্ষিত সদস্য পদে একজন মনোনয়ন প্রত্যাহার করেছেন। এছাড়াও ভায়ালক্ষীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে আবু বক্কর সিদ্দীক বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম জানান, মঙ্গলবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে। চারঘাট উপজেলার ছয় ইউনিয়নে ভোট ২৬ ডিসেম্বর।
