১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

চারঘাটে একজনের অত্যাচারে অতিষ্ঠ পুরো গ্রামের মানুষ?

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২১, ৮:০৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
চারঘাটে একজনের অত্যাচারে অতিষ্ঠ পুরো গ্রামের মানুষ?
বিজ্ঞাপন

চারঘাট প্রতিনিধি : কখনও গিয়ে গাছের ডাল কেটে সাবাড় করছেন, কখনও কারও ফসল কেটে বাড়তে নিয়ে যাচ্ছেন আবার কখনও অন্যের জমি নিজের দাবি করে চাষ দিচ্ছেন। কেউ প্রতিবাদ করতেও সাহস করছেন না। তার অত্যাচারে অতিষ্ঠ কয়েকটি হিন্দু পরিবারসহ পুরো গ্রামের মানুষ। ৫০ বছর বয়সী এ ব্যক্তির নাম জামাল শাহ। তিনি রাজশাহীর চারঘাট উপজেলার শলুয়া গ্রামের মৃত রমজান শাহের ছেলে। উপায় না পেয়ে অবশেষে গতকাল শনিবার তাঁর বিরুদ্ধে শলুয়া ইউনিয়ন পরিষদ এর পক্ষ থেকে এবং হিন্দু পরিবারগুলো থানায় লিখিত অভিযোগ করেছে।

ভুক্তভোগীদের একজন শ্রী প্রসেন চন্দ্র বলেন, জামালের অত্যাচারে আমরা হিন্দু পরিবার গুলো অতিষ্ঠ। মাঠের ফসল পরিপক্ব হলেই সে কেটে তাঁর বাড়িতে নিয়ে যায়। গরু ছাগল দিয়ে ফসল খাওয়ায়। পুকুরের মাছ ধরে নেয়। গত বুধবার সে আমার ত্রিশ শতাংশ জমির আম গাছের ডাল কেটে ক্ষতি সাধন করে। সর্বশেষ শুক্রবার মধ্যরাতে ট্রাক্টর দিয়ে আমার ভাইয়ের জমি চাষ দিয়েছে। এ অবস্থায় আমরা অসহায় হয়ে পড়েছি।

আরেক ভুক্তভোগী খাইরুল ইসলাম বলেন, অনেক কষ্ট করে জমিতে আমন ধান করেছিলাম। কিন্তু ধান ঘরে তুলতে পারিনি। ধান পরিপক্ব হতেই জামাল রাতের আধাঁরে সব ধান কেটে বাড়িতে নিয়ে গেছে। গ্রামবাসী মিলে মাঠে পাহারাদার রেখেও ধানকাটা আটকাতে পারিনি। স্থানীয় ইউপি সদস্য আনিসুর রহমান বলেন, জামাল শাহের অত্যাচারে এলাকাবাসী সবাই অতিষ্ঠ। সে ইউনিয়ন পরিষদের আওতায় থাকা জমিও নিজের দাবি করে চাষ দিয়েছে। তাঁর অত্যাচারে এলাকার কৃষকরা মাঠে আবাদ করতে পারছেন না। কয়েক বছর আগে তাঁর এসব কর্মকান্ডের জন্য ভ্রাম্যমাণ আদালতে সাজাও দেয়া হয়েছিল।

ইদানিং সে আবার অত্যাচার শুরু করেছে। অবশেষে বাধ্য হয়ে এলাকার শান্তি শৃঙ্খলা ঠিক রাখতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ জানিয়েছি। জানতে চাইলে জামাল শাহ নিজের বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা দাবি করে বলেন, আমি ভালো থাকি সেটা তারা চান না। মাঠের অধিকাংশ জমি আমার বাপ-দাদার ছিল। তাদের ঠকিয়ে সব জমি তাঁরা লিখে নিয়েছে। এজন্য আমি আমার নিজের জমি চাষ দিয়েছি, নিজের জমির ফসল কেটেছি। চারঘাট মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন