রাজশাহীতে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার বিষয়ক সেমিনার
স্টাফ রিপোর্টার : রাজশাহীতে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত। গতকাল বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উক্ত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুল জলিল। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, দেশের স্বাধীনতা ও পাট একসূত্রে গাঁথা। পাট বাংলাদেশের সোনালী সম্পদ। দেশের এই সম্পদকে কাজে লাগাতে হবে। তাই ‘প্যাকেজিং শিল্পে সর্বত্র পাটের ব্যবহার নিশ্চিত করতে হবে।’ সেই লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক প্যাকেজ আইন চালু করেছেন। ফলে স্থানীয় বাজারে মোড়কসহ বিভিন্ন ক্ষেত্রে পাটের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। এছাড়াও পাট মানুষের জীবনযাত্রার মানও বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক আইন ২০১০ বাস্তবায়নে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার বিষয়ে জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০’ এর আওতায় ধান, চাল, গম, ভুট্টা, সার, চিনি, মরিচ, হলুদ, পেঁয়াজ, আদা, রসুন, ডাল, ধনিয়া, আলু, আটা, ময়দা ও তুষ-খুদ-কুড়া মোট ১৭টি পণ্য অন্তর্ভুক্ত করা হয়েছে । ২০১৮ সালের ৬ আগস্ট পোল্ট্রি ও ফিস ফিড সংরক্ষণ ও পরিবহনে পাটের বস্তার ব্যবহার বাধ্যতামূলক করা হয়। এ দুটি পণ্যসহ মোট ১৯টি পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহারের জন্য নির্ধারিত করা হয়েছে।
জেলা প্রশাসন ও পাট অধিদফতরের আয়োজনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী। রাজশাহী বেতারের উপস্থাপক শহীদুল হক সোহেল এর সঞ্চালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, পাট অধিদফতরের সহকারী পরিচালক সাইফুল ইসলাম। ‘সোনালী আঁশের সোনার দেশ জাতির পিতার বাংলাদেশ’ শ্লোগানকে সামনে রেখে সেমিনারে পাট অধিদফতরের কার্যক্রম ও পাটের সার্বিক বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন পাট অধিদফতরের মুখ্য পরিদর্শক মো. নাদিম আক্তার। তিনি বলেন, পন্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন,২০১০, প্রনয়নের প্রধান উদ্দেশ্যে হলো পাটের অভ্যন্তরীণ ব্যবহার বৃদ্ধি করা ও পাট শিল্পকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা।
