বাঘায় ইয়াবাসহ দম্পতি আটক
বাঘা প্রতিনিধি : রাজশাহীর বাঘায় বিপুল পরিমাণ ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাত আটটায় উপজেলার নারায়ণপুর এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন, উপজেলার খাঁয়ের হাট গ্রামের মোহাম্মদ আলী আজগর ওরফে সাবান মোল্লার ছেলে ইমতিয়াজ ওরফে রাসেল মোল্লাহ (২৫) ও তার স্ত্রী শান্তা ইসলাম (২২)। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এদিন রাত আটটায় বাঘা থানা পুলিশ নারায়নপুর বাজার পালপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে।
এ সময় ওই এলাকার একটি বাসা থেকে দুই হাজার পাঁচ পিচ ইয়াবাসহ ভাড়াটিয়া দম্পতি রাসেল ও শান্তাকে আটক করা হয়। বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, আটককৃতরা দীর্ঘদিন থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে কৌশলে মাদকের ব্যবসা করে আসছে। আটকের পর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু পূর্বক গতকাল শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
