সর্বশেষ সংবাদ

রাজশাহীর স্কুলে স্কুলে বই উৎসব

Paris
Update : শনিবার, ২ জানুয়ারি, ২০২১

মসজিদ মিশন একাডেমী : মসজিদ মিশন একাডেমী স্কুল এন্ড কলেজে বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। একাডেমী প্রাঙ্গনে বই বিতরণ কার্যক্রম উদ্ভোধন করেন অধ্যক্ষ মোঃ নূরুজ্জামান খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রভাতী শাখার ইনচার্জ মাওলানা আফজাল হোসেন হামিদী, সিনিয়র শিক্ষক আব্দুস সবুর মিঞা, ক্রিড়া শিক্ষক কামরুজ্জামন, মোমিনুল ইসলাম, মোঃ রেজাউল হক চৌধুরি, মোঃ আব্দুল হামিদ প্রমুখ। পরে মসজিদ মিশন একাডেমী বালিকা শাখায় এই কার্যক্রম অব্যাহত থাকে। শাখা ইনচার্জ রেজাউল করিম বই বিতরণ কার্যক্রম তদারকী করেন। তাকে সহযোগিতা করেন আব্দুল মোমিন ওলি।

তানোর : রাজশাহীর তানোরে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যের বই বিতরণ করা হয়েছে। জানা গেছে, সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে নতুন বছরের প্রথম দিন হতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হচ্ছে। অন্যান্য বছরগুলোতে নতুন বইয়ের ঘ্রানে প্রত্যেক শিক্ষার্থীর বছর শুরু হলেও করোনা এবার এর কিছুটা ব্যাঘাত ঘটাবে। এবার প্রতিটি স্তরের জন্য ভিন্ন ভিন্ন নিয়ম অনুসরণ করে বই বিতরণ করা হবে। মাধ্যমিকের শ্রেণীর বই এবার ১ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত বই বিতরণ করা হবে।

অপরদিকে প্রাক প্রাথমিক ও প্রাথমিক শ্রেণীর বই শিক্ষার্থীর সংখ্যার উপর ভিত্তি করে প্রত্যেক বিদ্যালয় বই বিতরণ করবে। এদিকে ১ জানুয়ারী শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো তানোর মডেল উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসব উদ্বোধন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন তানোর থানার অফিসার ইন্চার্জ ওসি রাকিবুল হাসান ও তানোর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম সেলিম প্রমুখ।

মান্দা : স্বাস্থ্যবিধি মেনে নওগাঁর মান্দায় নতুন বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোল্লা এমদাদুল হক। দীর্ঘ ৯ মাস পর নতুন বই নিতে বিদ্যালয়ে এসে শিশুদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। ইউএনও আব্দুল হালিমের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত ও মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ শাহ আলম, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অনুপ কুমার মহন্ত, সহকারি অধ্যাপক কল্পনা রানী প্রামানিক ও বন্দনা সরকার, প্রভাষক আমিনুল ইসলাম মন্টু, প্রমুখ।

এছাড়া উপজেলার গোটগাড়ী শহীদ মামুন সরকারি হাইস্কুল ও কলেজ, রেবা আখতার আলিম মাদরাসা, প্রসাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বুড়িদহ উচ্চ বিদ্যালয়সহ উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris