রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্র নিহত
স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের পার্শ্ববর্তী রেল লাইনে এ ঘটনা ঘটে। নিহত কলেজছাত্রের নাম আসাদুল ইসলাম (২৪)। তিনি নগরীর মুশরইল বাচ্চুর মোড় এলাকার মুকুল হোসেনের ছেলে। আসাদুল রাজশাহী কলেজে স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র। পড়াশোনার পাশাপাশি খাবারের হোম ডেলিভারি প্রতিষ্ঠান ফুডপান্ডায় কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৩ টার দিকে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া চিলাহাটিগামী বরেন্দ্র ট্রেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের পার্শবর্তী রেল ক্রসিং অতিক্রমের সময় আসাদুল ট্রেনের সামনে এসে পড়ে। এতে তিনি কাটা পড়ে দ্বিখন্ড হয়ে যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা করতে ট্রেনের সামনে চলে আসে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
