রাজশাহী নগরীতে অস্ত্র ও ইয়াবাসহ ১ জন আটক
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরীতে ১ রাউন্ড গুলিসহ ১টি বিদেশী রিভলভার ও ৪৫০পিচ ইয়াবা ট্যাবলেট সহ ১ ব্যক্তিকে আটক করেছে আরএমপি ডিবি। গ্রেফতারকৃত হলো মোঃ আজিম আলী (১৯)। সে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার উত্তর উজিরপুর গ্রামের মোঃ নজরুলের ছেলে। রাজশাহী মহানগর এলাকাকে অপরাধ মুক্ত ও মাদক-চোরাচালান নির্মূল করার লক্ষ্যে রাজশাহী মহানগর পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়ের নির্দেশে কাজ করে যাচ্ছে আরএমপি। এরই ধারাবাহিকতায় গতকাল সকালে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসুদ এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক জনাব মোঃ আশিক ইকবাল, এসআই মোহাঃ আব্দুর রহমান ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো।
এসময় গোপন সংবাদের ভিত্তি জানতে পারে, একজন ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ থেকে অবৈধ অস্ত্র ও নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বহন করে নগরীর কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা মোড়ে আমিন পেট্রোল পাম্পের সামনে হস্তান্তরের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম বেলা ১১ টায় ঘটনাস্থলে পৌঁছে আসামী মোঃ আজিম আলীকে গ্রেফতার করে। এসময় তল্লাশী করে তার কাছ থেকে ১ রাউন্ড গুলিসহ ১ টি বিদেশী রিভলভার ও ৪৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মোঃ খাইরুল ইসলাম নামের এক ব্যক্তি তাকে উক্ত অবৈধ অস্ত্র ও মাদক রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার আমিন পেট্রোল পাম্পের সামনে অজ্ঞাত এক ব্যক্তির নিকট পৌছানোর জন্য দিয়েছিলো এবং দীর্ঘদিন যাবত সে ও তার সহযোগীরা অবৈধ অস্ত্র ও ইয়াবা পরিবহন করে আসছে। আসন্ন ইউপি নির্বাচনে উক্ত অবৈধ অস্ত্র ব্যবহার হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
