হাতি দিয়ে চাঁদা আদায়
চারঘাট প্রতিনিধি : চারঘাটে হাতি দিয়ে চলছে হাটবাজার ও রাস্তাঘাটে চাঁদাবাজি। হাতির মাহুত সেলামির নামে এ চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ, ব্যবসায়ী ও পথচারীরা। গতকাল মঙ্গলবার সকাল থেকে চারঘাটের সদর বাজার, কাঁকরামারী, সরদহ বাজার ও নন্দনগাছী বাজারের সহ আশপাশের এলাকায় সার্কাসের হাতির মাহুত কুতুব উদ্দিন পথচারী, দোকান ব্যবসায়ী ও যানবাহন থেকে ১০ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করছেন।
কাঁকরামারী বাজার এলাকার শহীদুল ইসলাম ও সাইদুল আলী জানান, রাস্তায় চলাচলের সময় যানবাহনের সামনে হাতি শুয়ে পড়ে শুঁড় এগিয়ে দিয়ে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করে। এভাবে ২০ থেকে ৩০ টাকা আদায় করেছে। চারঘাট বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি চাঁন মিয়া বলেন, দোকানে বেচাকেনার সময়ে হাতি এসে শুঁড় ঢুকিয়ে দেয়। ৫-১০ টাকা দিলে নিতে চায় না। বিরক্তিকর অবস্থার সৃষ্টি করে মাহুত টাকা দিতে বাধ্য করছে। আগে মাসে দুই-একবার আসতো। কিন্তু এখনো প্রতি সপ্তাহেই দুই-দিন আসছে।
হাতির খাবারের জন্য এত টাকা লাগা অস্বাভাবিক। হাতির মাহুত কুতুব উদ্দিন বলেন, চাঁদা তো না, সাহায্য নিচ্ছি। লকডাউনের কারণে সার্কাস বন্ধ থাকায় হাতি নিয়ে বিপাকে পড়েছি। হাতিকে খাওয়ানোর জন্য সাহায্য চাইতে চাইতে নিজ বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলা থেকে হাতি নিয়ে রাজশাহী পর্যন্ত এসেছি। এ বিষয়ে জানতে চাইলে চারঘাট মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই। বিষয়টি খোঁজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
