রাজশাহীতে ২ দিন ব্যাপী জীবনানন্দ কবিতামেলা শুরু
প্রেস বিজ্ঞপ্তি : ‘আমি এই বাংলার পাড়াগাঁয়ে বাঁধিয়াছি ঘর’ শিরোনামে রাজশাহীতে দুই দিনব্যাপী নবম জীবনানন্দ কবিতামেলা শুরু হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় বরেন্দ্র কলেজ প্রাঙ্গনে কবিকুঞ্জ আয়োজিত কবিতামেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। উদ্বোধক ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নুরুল হুদা। সভাপতিত্ব করেন কবিকুঞ্জ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রুহুল আমিন প্রামানিক।
শুরুতে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা ও কবিকুঞ্জ পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি ও উদ্বোধক। জাতীয় সঙ্গীত পরিবেশনা করেন জয় বাংলা সাংস্কৃতিক জোট, রাজশাহী। এরপর মেলার ভাবকবিতা, আবৃত্তি, দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশনা, স্বাগত সম্ভাষণ, শোক প্রস্তাব পাঠ ও এক মিনিট নীরবতা পালন, মোড়ক উন্মোচন ও শুভেচ্ছা বক্তৃতা প্রদান পর্ব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, এক সময় রাজশাহীতে ব্যাপক সাহিত্য ও সংস্কৃতি চর্চা হতো। ১৯৭৫‘র পরবর্তী সেই ধারা থমকে যায়।
তখন সাহিত্য ও সংস্কৃতি চর্চা প্রকৃত মুসলমানদের কাজ আখ্যা দিয়ে নানা অপপ্রচার করা হয় এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপপ্রয়াস চালানো হয়। বর্তমানে এই অপচেষ্টা অব্যাহত রয়েছে। তবে সুখের বিষয় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়েছেন। সাহিত্য ও সংস্কৃতি চর্চার মাধ্যমে অসাম্প্রদায়িক পরিবেশ বজায় রাখতে কবিকুঞ্জের এই কবিতা মেলাসহ বিভিন্ন আয়োজন কার্যকর ভুমিকা পালন করছে। আগামীতে এমন আয়োজন আরো বৃহৎ পরিসরে হবে বলে আশা করি।
