তানোরে ডিস কন্ট্রোল রুমে পেট্রলবোমা নিক্ষেপ, আগুনে ৬০ লাখ টাকার ক্ষতি
তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে কলমা ইউনিয়ন পরিষদের নির্বাচন পরবর্তী সময়ে চৌরখৈর গ্রামে মেসার্স ময়না ক্যাবল টিভি নেটওয়ার্কের কন্ট্রোল রুমের গুদাম ঘরে পেট্রলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে তাদের প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গত ১১ নভেম্বর বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটেছে। এদিকে অগিযোগের তীর উঠেছে বিজয়ী প্রার্থী ও সমর্থকদের দিকে। অন্যদিকে রাতেই সিনিয়র সার্কেল এএসপি (ডিএসবি) রুবেল আহম্মেদ, তানোর উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না ও তানোর থানার ওসি রাকিবুল হাসান ঘটনা স্থল পরিদর্শন করেছেন।
জানা গেছে, কলমা ইউপি নির্বাচনে মাইনুল ইসলাম স্বপন (নৌকা) ও খাদেমুন নবী বাবু চৌধুরী (চশম) প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করেন। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী খাদেমুন নবী বাবু চৌধুরী (চশমা) বিজয়ী হয়েছেন। এদিকে এঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে, ডিস কর্তৃপক্ষের দাবি বিজয়ী প্রার্থীর লোকজন পেট্রোল বোমা মেরে তাদের গুদাম ঘরে আগুন দিয়েছে এতে তাদের প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আর বিজয়ী প্রার্থী খাদেমুন নবী বাবু চৌধুরীর দাবি এমপি ও উপজেলা চেয়ারম্যানের সঙ্গে তাদের পারিবারিক মধুর সম্পর্ক ও যে ভ্রাতৃত্ববোধ রয়েছে, সেটি নস্যাৎ করতেই তৃতীয় পক্ষ এমন কাজ করেছে।তিনি এঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন।
এবিষয়ে উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না জানান, বিজয়ী প্রার্থীর লোকজনরাই এই ধরনের কাজ করেছে। কারণ ভোটের বেশ কিছুদিন আগে থেকে নিজ গ্রাম চৌরখৈরে থাকা অবস্থায় ফজরের নামাজের পর থেকে বক্স বাজানো শুরু করত এবং আমার সঙ্গে ফ্যাসাদ সৃষ্টির জন্য প্রার্থীর ছেলে রানা নানা ধরনের হুমকি দিত বিভিন্ন জায়গায়। সে দাঙ্গাবাজ ছেলে। আমি নেতাকর্মীদের উত্তেজিত হতে নিষেধ করেছি। যা হবে আইনের মাধ্যমেই হবে বলেও জানান তিনি।
এবিষয়ে বিজয়ী প্রার্থী বাবু চৌধুরী অভিযোগ অস্বীকার করে বলেন, এঘটনার সময় তিনি তার দুই ছেলেকে নিয়ে ফলাফল নেওয়ার জন্য উপজেলা পরিষদের কন্ট্রোল রুমে ছিলেন। তিনি বলেন, তৃতীয় পক্ষ এধরনের কাজ করে ফায়দা লুটতে চায়, আমি এধরনের ঘটনাকে প্রশ্রয় দিই না, নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীকে আইনের আওতায় আনতে পারলেই ঘটনার রহস্য সকলের কাছে উম্মোচিত হবে।
তিনি বলেন, প্রতিহিংসার রাজনীতিতে তিনি বিশ্বাসী না, তার রাজনীতির সুনাম নষ্ট করতেই তৃতীয় পক্ষ এই ধরনের কাজ করেছে। এবিষয়ে থানার অফিসার ইন্চার্জ ওসি রাকিবুল হাসান রাকিব জানান, ঘটনাস্থল পরিদর্শন করে যাবতীয় আলামত সংগ্রহ করা হয়েছে, বিষয়টি অতি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তিনি বলেন, এখনো মামলা হয়নি, মামলা হলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দোষী ব্যক্তি যতই ক্ষমতাধর হোক কোন ছাড় নেই।
