১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাবির জোহা হলে পাকবাহিনীর গণহত্যা, নির্যাতনের চিত্র প্রদর্শনী

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২১, ২:৩৩ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাবির জোহা হলে পাকবাহিনীর গণহত্যা, নির্যাতনের চিত্র প্রদর্শনী
বিজ্ঞাপন

রাবি প্রতিনিধি : ৭১ এর এপ্রিল, রাজশাহী শহরে প্রবেশ করেছে পাক বাহিনী। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবন, হল গুলোতে গড়া ঘাটিতে একে একে ধরে আনা হচ্ছে নীরিহ মানুষ। ব্লকে ব্লকে নির্যাতন সেল। বেয়নেটের খোঁচায় খোঁচায় মায়ের চোখের সামনে সন্তানের নিদারুণ মৃত্যু, সন্তানের সামনে মায়ের বস্ত্রহরণ, কোথাও ধর্ষণ, অবর্ননীয় নির্যাতন। কান্নার শব্দে নিস্তব্ধতা হল জুড়ে। আর্তনাদে ভারী হয়ে আসা পরিবেশেও আনন্দ উল্লাস থামায়নি পাকবাহিনী। এ ঘটনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের। ১৯৬৯ এর ফেব্রুয়ারী থেকে একাত্তরের ৯ মাস পাকবাহিনীর এ ঘাটিতে নির্যাতনের ধরণ কেমন ছিলো সেটি বাস্তব নাটকের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় এখানে।

গণহত্যার পরিবেশ থিয়েটার ‘জোহা হল কথা কয়’ শীর্ষক এ নাকটি দেখে বিমোহিত দর্শকরা। অধিকাংশই ফিরেছেন চোখে জল নিয়ে। ফোকলোর বিভাগের শিক্ষার্থী সাওদা জামান রিশা তার ফেসবুক ওয়ালে লিখেছেন, ফজরের আজানের ধ্বনির সাথে ক্রন্দনরত নারীর আত্ম চিতকার, তরুণের থেতলানো হাত – নিথর দেহ – মাতা পুত্রের শেষ চিতকার হয়তো ঘুমাতে দেবে না। জোহা হল কথা কয়, কথা কয় এই বাংলার মাটির প্রতিটি কণা।এই দেশের মাটির কাছে আমাদের কত দায়। সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান বলেন, স্বাধীনতা যুদ্ধ স্বচক্ষে দেখতে পারিনি আর যুদ্ধের ভয়াবহতা কতটা লোমহষর্ক ছিল তা শুধু সিনেমাতেই দেখেছি।

তবে বেয়নেটের খোঁচায় মায়ের চোখের সামনে সন্তানের নিদারুণ মৃত্যু, সন্তানের সামনে মায়ের বস্ত্রহরণ কতটা শিহরণ জাগাতে পারে তা এই নাটক না দেখলে ঠিক বোঝা যেতো না। হলটির আলো, বাতাস, মাটি, প্রত্যক্ষ স্বাক্ষী সেই সময়ের নির্যাতন। নির্যাতনের অবস্থা দেখতে দেখতে নিজের অজান্তেই চোখে পানি চলে এসেছে। দর্শকদের একজন আল-আমীন হোসেন বলছিলেন, পুরো হলটাকে মঞ্চ হিসেবে ব্যবহার, আলো ও শব্দ ব্যবহার, অভিনেতা অভিনয় দক্ষতায় নান্দনিক উপস্থাপনা ছিলো চোখে পড়ার মত। আমি বিশ্বাস করি উপস্থিত প্রত্যেক দর্শককেই বিমোহিত করেছে এমন উপস্থাপনা।

নির্যাতনের শিকার মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকার ও লিয়াকত আলী লিটু তাদের উপর নির্যাতনের ঘটনাও শেয়ার করেন এ সময়ে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. আতাউর রহমান রাজুর নির্দেশনা মঞ্চায়িত এ নাটকের প্রদর্শনীতে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক লিয়াকত আলী লাকী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মোহাম্মদ জাকারিয়া, উপ-উপাচার্য অধ্যাপক ড. সুলতান উল ইসলাম, রাজশাহী জেলা প্রশাসক এর আগে সন্ধ্যা সাড়ে ৬ টায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক নাটকটি মঞ্চায়নের উদ্বোধন করেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন