রাজশাহী-রংপুরে বিনামূল্যে মিলছে ফিস্টুলার চিকিৎসা
স্টাফ রিপোর্টার : রাজশাহী ও রংপুর বিভাগের ১১টি জেলায় বিনামূল্যেই মিলছে নারীদের জনন অঙ্গের ফিস্টুলা রোগের চিকিৎসা। বাংলাদেশ সরকার, জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এবং বেসরকারি সমন্বিত পল্লী স্বাস্থ্য ও উন্নয়ন সংস্থা ‘ল্যাম্ব’-এর একটি যৌথ প্রকল্পের মাধ্যমে গত বছরের অক্টোবর থেকে দেশের এ দুটি বিভাগে চিকিৎসা কার্যক্রম চলছে।
এরমধ্যে রংপুর বিভাগের সবগুলো জেলা এবং রাজশাহী বিভাগের রাজশাহী, বগুড়া ও সিরাজগঞ্জ জেলায় এ কার্যক্রম চলছে। ল্যাম্বের মাঠকর্মীরা রোগী শনাক্ত করে চিকিৎসার ব্যবস্থা করছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল এবং দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় অবস্থিত রাজাবাসরে ল্যাম্ব হাসপাতালে নিয়ে নারীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রকল্পের কার্যক্রম সম্পর্কে অবহিত করতে বুধবার দুপুরে রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে একটি সভার আয়োজন করে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়। সেখানেই এসব তথ্য জানানো হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুল আহসান তালুকদার। তিনি জানান, অল্প বয়সে বিয়ে এবং সন্তান প্রসবের কারণে নারীদের ফিস্টুলা রোগ হয়ে থাকে। হাসপাতালে দক্ষ নার্সদের কাছে না এসে বাড়িতে অদক্ষ দায়দের কাছে সন্তান প্রসবের কারণেই এ রোগের ঝুঁকি বাড়ে।
সভায় জানানো হয়, সরকারের কারিগরি সহায়তায় এবং ইউএনএফপিএ’র আর্থিক সহায়তায় ল্যাম্ব গত বছরের অক্টোবর থেকে সম্পূর্ণ বিনাখরচে ফিস্টুলার চিকিৎসা দিয়ে যাচ্ছে। এক বছরে রাজশাহী বিভাগে ৩৯ জন ফিস্টুলা রোগী শনাক্ত হয়েছেন। এরমধ্যে ২৮ জনকে হাসপাতালে নিয়ে অস্ত্রোপচারের প্রয়োজন হয়েছে। ১২ জনের অস্ত্রোপচার হয়েছে রামেক হাসপাতালে। ফিস্টুলা রোগীদের সুস্থ করার পর সমাজসেবা অধিদপ্তরের সহায়তায় তাঁদের পুনর্বাসনও করা হচ্ছে। সেলাই মেশিন কিংবা অর্থ সহায়তা দিয়ে তাঁদের স্বাবলম্বী করা হচ্ছে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার ও ল্যাম্বের প্রকল্প ব্যবস্থাপক মাহাতাব লিটন। এ ছাড়া মোবাইল ফোনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন ইউএনএফপিএ’র টেকনিক্যাল অফিসার ডা. অনিমেষ বিশ্বাস। তাঁরা ফিস্টুলা রোগীদের বিনা খরচে সেবা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
