তানোরে আদিবাসীদের উচ্ছেদের পাঁয়তারা
তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে আদিবাসী সম্প্রদায়ের কবরস্থান জবরদখল করে বাড়ি নির্মাণ ও আদিবাসীদের উচ্ছেদ করতে ঘরবাড়ী ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১০ অক্টোবর উচাডাঙ্গা আদিবাসীপাড়া গ্রামবাসীর পক্ষে জুয়েল মারডি বাদি হয়ে একই এলাকার মুনছুর আলী,দুরুল হুদা, ইমরান আলী ও মফিজুল ইসলামকে বিবাদী করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।
জানা গেছে, উপজেলার বাঁধাইড় ইউপির জেল নম্বর ৪০ একান্নপুর গোয়ালপাড়া, খতিয়ান নম্বর ২১৭, হাল দাগ নম্বর ১২৩৬, শ্রেণী ভিটা পরিমাণ ২ একর ৮৮ শতক এবং খতিয়ান নম্বর ২১৭, দাগ নম্বর ১২৩৩ শ্রেণী ভিটা, পরিমাণ ২১ শতক মোট ৩ একর ১০ শতক।
স্থানীয়রা জানান, সেখানে আদিবাসীদের কবরস্থান দখল করে বাড়ি নির্মাণ করেছেন সল্লাপাড়া গ্রামের দুরুল হুদার পুত্র আব্দুল আলিম এবং ভুমিদস্যু দুরুল হুদা গং জোরপুর্বক ধানচাষ করেছে।
সম্প্রতি বিভিন্ন এলাকার ৩০টি ভুমিহীন আদিবাসী পরিবার সেখানে বেড়াটাটির ঘর করে বসবাস শুরু করে। প্রত্যক্ষদর্শীরা জানান, গত ৭ নভেম্বর রোববার দুপুরে ভুমিদুস্যু দুরুল হুদা গং তার বাহিনী নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আদিবাসীদের ঘরবাড়ি ভাঙচুর, মারপিট ও নারীদের শ্লীলতাহানী করে। আদিবাসী পল্লীর বাসিন্দা ফুলমতি হেমরম (৫৬), লতা মারডি (৫৫) ও সুভাষ মুর্মু (৬০) বলেন, এসব জমিদারী খাস সম্পত্তি। কিন্ত্ত ভুমিদস্যু দুরুল হুদা তার লাঠিয়াল বাহিনী নিয়ে এসব জমিতে ধান লাগিয়েছিল, আমরা ভুমিহীন আদিবাসীরা সেখানে বেড়াটাটির ঘর করে বসবাস শুরু করি।
এ মতাবস্থায় গত ৭ নভেম্বর রোববার ভুমিদস্যু দুরুল হুদা গং দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের ঘর ভাঙচুর, মারপিট ও নারীদের শ্লীলতাহানি করেছে। এর পর থেকে তারা খোলা আকাশের নিচে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করেছেন। এ বিষয়ে আদিবাসীরা সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে জানতে চাইলে দুরুল হুদা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের জমিই আদিবাসীরা দখলের চেস্টা করছে।
