এফএনএস : ভারতের মহারাষ্ট্রের আহমদনগরে একটি হাসপাতালে শনিবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সেখানকার ‘ইনটেনসিভ কেয়ার ইউনিট’ (আইসিইউ)-তে থাকা অন্তত ১০ কোভিড রোগীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও কয়েক জন। পুলিশ জানিয়েছে, মুম্বাই থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে আহমদনগরের সিটি সিভিল হাসপাতালে ভোরে এই দুর্ঘটনা ঘটে। দমকল বিভাগের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের কারণেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হাসপাতাল সূত্র বলছে, প্রবল ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে আইসিইউ-তে থাকা রোগীদের মৃত্যু হয়েছে।
খবর পেয়ে দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা। অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করতে এরইমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। এর আগে গত এপ্রিলে মহারাষ্ট্রের পালঘর জেলার বিরারের কোভিড হাসপাতালে শর্ট সার্কিটের জেরে আগুন লেগেছিল। ওই ঘটনায় আইসিইউ-তে চিকিৎসাধীন ১৩ জন করোনা রোগীর মৃত্যু হয়েছিল। সূত্র: আনন্দবাজার।