১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নগরীর সিরোইল এলাকায় বিল্ডিংকোড অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ

প্রকাশিত: ৭ নভেম্বর ২০২১, ৭:১৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
নগরীর সিরোইল এলাকায় বিল্ডিংকোড অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর সিরোইল এলাকার দোশরমণ্ডল মোড়ের দক্ষিণের একটি ভবন বিল্ডিংকোড না মেনে নির্মাণসহ ভূমিকম্পে তা হেলে পড়ায় ঝুঁকির মধ্যে রয়েছে আশপাশের প্রতিবেশি। এনিয়ে দফায়-দফায় সংশ্লিষ্ট দপ্তরগুলোতে লিখিত অভিযোগ করেও কোনো সমাধান পায়নি ভুক্তভোগী প্রতিবেশিরা। বরং প্রভাব খাটিয়ে অবৈধভাবে নির্মাণ ওই ভবন নির্মাণের কাজ অব্যাহত রাখা হয়েছে বলে অভিযোগ প্রতিবেশির। তবে অভিযুক্ত ওই ভবন মালিকের দাবি, যারা এমন অভিযোগ করছেন অবৈধ ভাবে তারাই নিজেদের ভবন নির্মাণ করেছেন।

সিরোইল এলাকার ওই ভবনের আশপাশের প্রতিবেশীদের সাথে কথা হলে তারা অভিযোগ করে জানায়, ৭ তলা ওই ভবনটি (আংশিক ৮ তলা) দ্রুত নির্মাণ করা হচ্ছে। ভবনটি মজিবর রহমানের। সেখানে এরই মধ্যে কয়েকটি পরিবার বসবাস করছে। ভবন নির্মাণ আইন (বিল্ডিংকোড) অনুসারে ভবনটি নির্মাণে আশপাশে যে পরিমাণ জায়গা ছাড়ার প্রয়োজন তা ছাড়া হয়নি। উত্তরের পাশের বাড়ির দেয়াল থেকে সামান্য দূরত্ব রেখে অভিযুক্ত ভবন মালিক তার ভবনটি নির্মাণ করছেন। উত্তরের ভুক্তভোগী ভবনমালিকের পরিবারের দাবি, ওই ভবন নির্মাণ করতে মিস্ত্রী তাদের বাড়ির অংশে এসে কাজ করছে।

ভবন নির্মাণের উচ্ছিষ্ট সিমেন্ট-বালু তাদের বাড়িতে এসে পড়ছে, এতে তাদের ভবনের ক্ষতি হচ্ছে। তিনি আরও অভিযোগ করে জানান, আরডিএ কর্তৃপক্ষ মজিবর রহমানকে ৫ তলা ভবন নির্মাণের অনুমোদন দিলেও অভিযুক্ত মজিবর এরই মধ্যে ৮ তলা নির্মাণ করছেন। যা সম্পূর্ণ অবৈধ ও সকল পক্ষের জন্যই ঝুঁকিপূর্ণ। সম্প্রতি রাজশাহীতে ভূমিকম্পের পর মজিবরের ওই বহুতল ভবনটি হেলে পড়েছে। এতে করে আশপাশের বাড়ি ও এলকাবাসী ঝুঁকির মধ্যে রয়েছেন।

এদিকে এসব বিষয়ে বিস্তারিত তুলে ধরে প্রতিবেশি আব্দুল হাই ও ড. তানবীর হাবিব রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ), রাজশাহী সিটি কর্পোরেশন, ফায়ারসার্ভিসের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর লিখিত অভিযোগ করেন ওই ভবন মালিকের বিরুদ্ধে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ করেননি বলে জানিয়েছেন তারা।

এরপর বাধ্য হয়ে প্রতিবেশি ড. তানবীর হাবিব এনিয়ে মজিবর রহমানের বিরুদ্ধে মামলা করেছেন। অভিযোগ প্রসঙ্গে মজিবর রহমান জানান, তার বিরুদ্ধে করা সকল অভিযোগ মিথ্যা। বরং তার ভবনের উত্তরের ভবনের মালিকপক্ষই তার জমির অংশ দখর করে অবৈধ ভাবে ভবন নির্মাণ করেছেন, যার প্রমাণ মজিবর রহমান সংশ্লিষ্ট দপ্তর ও আদালতে দিয়ে রেখেছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন