১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে সাংবাদিকদের উপর হামলায় ১৪ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ২ নভেম্বর ২০২১, ৬:৩৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীতে সাংবাদিকদের উপর হামলায় ১৪ জনের বিরুদ্ধে মামলা
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ১৪ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। রোববার দিবাগত রাত সাড়ে ১১টায় রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সাধারণ সম্পাদক তানজিমুল হক বাদী হয়ে নগরীর বোয়ালিয়া থানায় এ মামলা করেছেন। এ মামলায় নগরীর শিরোইল এলাকার ফারুক আহম্মেদ (৪৫), মঠপুকুর এলাকার রেজাউল করিম (৩২) ও বড়বনগ্রামের লিয়াকতকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার অপর আসামিরা হলেন- দড়িখড়বোনা এলাকার রাজন (৩৮), মোহনপুর বিদিরপুরের মাজহারুল ইসলাম চপল (৩৫), কাজলা ধরমপুরের আফসারের ছেলে আল-আমিন হােসেন (২৮), মতিহার থানার অক্ট্রয় মােড়ের শাহীনুর রহমান সােনা (৩৬), চারখুটার মোড় এলাকার আবু কাউসার মাখন (৪০), কুমারপাড়ার শামসুল ইসলাম (৩৫), সুমন হােসেন (৩৪), মোন্নাফের মোড়ের সুভাষ (২৫), উপশহরের হারুনুর রশিদ (২৪), টিকাপাড়ার সাগর নােমানী (৩৮), উপজেলা মোহনপুরের শাহীন সাগর (২৮)। এঁদের মধ্যে ফারুক, রেজাউল ও লিয়াকতকে রোববার বিকালে পুলিশ আটক করে।

সম্প্রতি চাঁদা না পেয়ে ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগে ফারুকের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন একজন শিক্ষা কর্মকর্তা। লিয়াকতের নামে বাগমারা থানায় চাঁদাবাজির একটি মামলা আছে। এ ছাড়া রেজাউলের নামে বোয়ালিয়া থানায় চাঁদাবাজি ও মারামারির আরও দুটি মামলা আছে। মামলার অন্য আসামিদের মধ্যে প্রায় সবার নামেই থানায় আগে থেকেই মামলা আছে। এরমধ্যে চাঁদাবাজির বেশ কয়েকটি মামলার আসামি মাজহারুল ইসলাম চপল। সোমবার দুপুরের পর গ্রেপ্তার রেজাউল, লিয়াকত ও ফারুককে আদালতে পাঠিয়েছে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা বোয়ালিয়া থানার উপ-পরিদর্শক মো. শাহীন আকতার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালত আসামিদের কারাগারে পাঠিয়েছেন। মামলার অভিযোগে বলা হয়, আসামিরা রোববার সকালে নগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বরে আরইউজের সভাপতি রফিকুল ইসলাম, স্থানীয় দৈনিক সানশাইনের স্টাফ রিপোর্টার রাজু আহমেদ, জনকণ্ঠের ফটোসাংবাদিক সেলিম জাহাঙ্গীর, যুগান্তরের ফটোসাংবাদিক আজম খান ও গণধ্বনি প্রতিদিনের ফটোসাংবাদিক কাবিল হোসেনের ওপর হামলা চালান।

এ সময় আজম খানের ক্যামেরা এবং রফিকুল ইসলামের শার্টের পকেট থেকে ১৯ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। রাজু আহমেদের একটি মোবাইল ফোনও কেড়ে নিয়ে আছড়ে ভেঙে ফেলা হয়। ওই ঘটনার প্রতিবাদে রোববার বেলা ১১টা থেকে বিকাল পৌনে ৫টা পর্যন্ত কামারুজ্জামান চত্বরে সড়ক অবরোধ করেছিলেন সাংবাদিকরা। তাঁরা অভিযুক্তদের গ্রেপ্তার এবং এঁদের প্রশ্রয় দেওয়ার অভিযোগে বোয়ালিয়া থানার ওসি নিবারন চন্দ্র বর্মনের প্রত্যাহার দাবি করেন। ওসিকে প্রত্যাহারে সাংবাদিকরা ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। এ সময়ের মধ্যে ওসিকে প্রত্যাহার করা না হলে বুধবার থানা ঘেরাও কর্মসূচি আছে।

এদিকে কথিত সাংবাদিকরা পেশাদার সাংবাদিকদের লাঞ্চিত করার ঘটনায় জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ সোমবার একটি বিবৃতি দিয়েছেন। এতে তিনি অপসাংবাদিকদের প্রতিহত করে সাংবাদিকতা পেশার সম্মান রক্ষা করতে প্রশাসনের প্রতি আহবান জানান এবং মূলধারার পেশাদার সাংবাদিকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে আন্দোলনের সাথে একাত্বতা ঘোষণা করেন। অপসাংবাদিকদের প্রশাসন যেন আশ্রয়-প্রশয় না দেয় সেদিকেও নজর দেওয়ার জন্য ঊধ্বর্তন কর্মকর্তাদের দৃষ্টি দেওয়ার অনুরোধ করেন তিনি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন