২১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

অন্য এক প্রভা

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২১, ৬:৩৪ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন
অন্য এক প্রভা
বিজ্ঞাপন

এফএনএস : ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে অভিনয় করছেন তিনি। দেশজুড়ে ছড়িয়ে থাকা দর্শকরাও তাকে অভিনেত্রী হিসেবেই চেনেন। তবে এবার ধরা দিলেন গানের জগতে। প্রথমবারের মতো ‘আমি শুনেছি সেদিন তুমি’ শিরোনামে গানটি গেয়েছেন তিনি। মৌসুমী ভৌমিকের গাওয়া বিখ্যাত এই গান নিজের কণ্ঠে ধারণ করে শ্রোতাদের সঙ্গে শেয়ার করেছেন প্রভা। তাকে সংগীতে ও গায়কীতে সহযোগিতা করেছেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। সম্প্রতি এটি প্রভার ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়েছে। কক্সবাজারের সমুদ্র সৈকতে গানটির ভিডিও ধারণ করা হয়েছে। গানটিতে মডেলও হয়েছেন প্রভা।

এখানে অন্য এক প্রভাকেই আবিষ্কার করা গেছে। প্রভা বলেন, অবশেষে আমার সবচেয়ে প্রিয় গানটি গাওয়ার সাহস করে ফেললাম। গানই আমার প্রথম ভালোবাসা ছিল। তবে অনেক বছর আগে গানের চর্চা ছেড়ে দিয়েছিলাম। আবারো ফিরে এলাম। আশা করি সবাই পছন্দ করবেন। এই অভিনেত্রী জানান, মায়ের ইচ্ছে পূরণ করতেই গানটি গেয়েছেন তিনি। অভিনয়ে পরিচিতি পেলেও মায়ের ইচ্ছে ছিল সংগীতশিল্পী হিসেবে পরিচিতি পাক তার মেয়ে। এ ব্যাপারে প্রভা বলেন, আম্মু আমাকে গান গাওয়াতে চেয়েছিলেন ছোট বেলা থেকেই। কিন্তু গানের চর্চা করতে ভালো লাগতো না আমার।

তাই গান নিয়ে আর আগানো হয়নি। বন্ধুদের সামনেও যখন গুনগুন করতাম, তারা প্রশংসা করতো। গান গাওয়ার উৎসাহ দিতো। প্রভার কথায়, রেকর্ড করার পর গানটা শুনে মা খুব পছন্দ করেন, আবেগপ্রবণ হয়ে পড়েন। তাই ভাবলাম, ইউটিউবে প্রকাশ করি। এদিকে, প্রভা বর্তমানে বেশকিছু নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি ওটিটি প্ল্যাটফরমেও কাজ করছেন। প্রভা বলেন, গত কিছুদিনে কয়েকটি কাজ করলাম। তবে এখন বেছে বেছে কাজ করছি। গতানুগতিক কাজ করতে ভালো লাগে না। তাই ভিন্নধর্মী কাজগুলোই শুধু করছি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন