মোহনপুরে বিভিন্ন উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত করলেন এমপি মিলন
স্টাফ রিপোর্টার : রাজশাহীর মোহনপুরে ২০২৬-২০২৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বিল মেইল বিলে মোহনপুর উপজেলা মৎস্য অধিদপ্তর আয়োজিত এ কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, “আমাদের এই ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে মৎস্য চাষি, মৎস্য প্রতিপালনের সঙ্গে জড়িত কর্মকর্তা এবং প্রান্তিক পর্যায়ের জেলেদের উৎসাহিত করা সম্ভব হবে।” তিনি আশা প্রকাশ করেন, এই কার্যক্রম দেখে নিজ নিজ অবস্থান থেকে সবাই মাছ চাষে ও পোনামাছ অবমুক্তকরণে আরও বেশি উদ্বুদ্ধ হবেন।
কর্মসূচির অংশ হিসেবে উপজেলার ৬টি জলাশয়ে ১০-১৫ সেন্টিমিটার আকারের মোট ২৮৬.৭১ কেজি রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা বিনামূল্যে বিতরণ ও অবমুক্ত করা হয়। এর আগে সংসদ সদস্য মোহনপুর উপজেলা পরিষদের পুকুরেও বিভিন্ন জাতের পোনামাছ অবমুক্ত করেন। উদ্বোধনী বক্তব্য শেষে অতিথিরা বিলের জলাশয়ে পোনা অবমুক্ত করে মোনাজাতে অংশ নেন। মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহিমা বিনতে আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, উপজেলা বিএনপির সভাপতি শামীমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী বাচ্চু রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য আব্দুল কাদের, কেশরহাট পৌর শাখা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক খুশবুর রহমান এবং জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সৈয়দা রুমেনা হোসেন ও মোহনপুর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আমিনুল ইসলাম সহ অনুষ্ঠানে মৎস্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন।
