প্রথম ধাপে ১২ নভেম্বর ৮০ উপজেলায় ইউপি ভোট
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সাত ধাপে আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদে ভোটের মধ্য দিয়ে নির্বাচন শুরু করার সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে কমিশন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, ‘আমরা সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন করতে চাই।’ কমিশনের পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপের সম্ভাব্য ভোটের তারিখ ১২ নভেম্বর। দ্বিতীয় ধাপে ১৩ ডিসেম্বর, তৃতীয় ধাপে ৩০ ডিসেম্বর, চতুর্থ ধাপে ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপে ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপে ২২ এপ্রিল এবং সপ্তম ধাপে ২৭ মে ভোট হতে পারে। প্রথম ধাপে ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদে ভোট অনুষ্ঠিত হবে বলে জানান নির্বাচন কমিশনার সানাউল্লাহ। তিনি আরও বলেন, আইন পরিবর্তন না হলে বিদ্যমান আইন অনুযায়ীই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবে নির্বাচন কমিশন। নির্বাচন আয়োজনের প্রস্তুতি হিসেবে রোববার থেকে ইউপি নির্বাচন নিয়ে বৈঠক শুরু করেছে কমিশন। এর আগে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছিলেন, নভেম্বরের মাঝামাঝি সময় থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরুর পরিকল্পনা রয়েছে কমিশনের। তিনি বলেন, ‘এর মধ্যে যদি আইনের কোনো পরিবর্তন না হয়, তবে বিদ্যমান আইন অনুযায়ীই আমরা স্থানীয় নির্বাচন সম্পন্ন করব।’রাজনৈতিক আলোচনা। ইসি সূত্রে জানা গেছে, ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।-এফএনএস
