নাচোল পৌরসভায় সুপেয় পানির তীব্র সংকট ও ডেঙ্গু ঝুঁকিতে অর্ধলক্ষ মানুষ
নাচোল থেকে প্রতিরোধ : চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভায় নাগরিক সেবা কার্যক্রম চরম স্থবির হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে মৌলিক সেবাগুলো থেকে বঞ্চিত থাকায় ক্ষোভ ও চরম ভোগান্তিতে দিন কাটাচ্ছেন পৌরবাসী। সুপেয় পানির সংকট, পানিবদ্ধতা এবং মশক নিধন অভিযান বন্ধ থাকায় ডেঙ্গুসহ নানা পানিবাহিত রোগের উচ্চ ঝুঁকিতে রয়েছে পুরো পৌর এলাকা।
পৌরসভার ১,৩,৫,৭ও ৮নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত ইসলামপুর, শিবপুর শিয়ালা, মুরাদপুর এবং রেল স্টেশন এলাকায় প্রায় ৬ মাস যাবৎ পৌর পানি সরবরাহ ব্যবস্থা কার্যত অচল। স্থানীয় বাসিন্দাদের মতে, সরবরাহ লাইনে ত্রুটি ও নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে প্রায় ১০-১২ হাজার মানুষকে প্রতিদিন দূর-দূরান্ত থেকে বা বিকল্প উপায়ে খাবার পানি সংগ্রহ করতে হচ্ছে। তীব্র গরমে সুপেয় পানির এই সংকটে গৃহস্থালি কাজসহ দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। পৌরসভার প্রধান সড়কসহ অভ্যন্তরীণ ড্রেনেজ ব্যবস্থা দীর্ঘদিন পরিষ্কার না করায় পলি ও বর্জ্যে জমে ভরাট হয়ে গেছে। সামান্য বৃষ্টিতেই নিচু এলাকাগুলোতে তৈরি হচ্ছে কৃত্রিম জলাবদ্ধতা। এছাড়া গত প্রায় ৮-৯ মাস ধরে পৌর এলাকায় মশক নিধন ও ফগার মেশিন পরিচালনা সম্পূর্ণ বন্ধ রয়েছে। ফলে জমে থাকা ড্রেনের পানিতে মশার বংশবৃদ্ধি ঘটে ডেঙ্গু, ডায়রিয়াসহ পানিবাহিত রোগের প্রাদুর্ভাব বিপজ্জনকভাবে বাড়ছে।
নাচোল পৌরসভার বর্তমান প্রশাসক অন্যান্য দাপ্তরিক ও প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় নিয়মিত পৌর কার্যালয়ে সময় দিতে পারছেন না বলে অভিযোগ উঠেছে। ফলে জন্ম ও মৃত্যু নিবন্ধন, নাগরিকত্ব সনদ, ওয়ারিশন সনদ এবং অন্যান্য জরুরি কাগজপত্র পেতে সেবাগ্রহীতাদের দিনের পর দিন ঘুরতে হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থীদের ভর্তি ও পাসপোর্ট সংক্রান্ত কাজের নাগরিকরা চরম বিপাকে পড়েছেন।
অবিলম্বে পাম্প ও পানি সরবরাহ লাইন সংস্কার, নিয়মিত ড্রেন পরিষ্কার ও মশক নিধন ওষুধ ছিটানো এবং জন্মনিবন্ধনসহ অন্যান্য নাগরিক সেবা দ্রুত নিশ্চিত করতে জেলা প্রশাসক ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগী নাচোল পৌরবাসী। এ বিষয়ে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস জানান, নাচোল পৌরসভায় নাগরিক সুবিধা প্রদানের চেষ্টা অব্যাহত রয়েছে।
