মাছের পোনা বড় হলে সমৃদ্ধ হবে জলাশয় : এমপি মিলন
স্টাফ রিপোর্টার : রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাড মোহাম্মদ শফিকুল হক মিলন বলেন, মুক্ত জলাশয়ে অবমুক্ত করা মাছের পোনা বড় হলে স্থানীয় জলাশয়গুলো আরও সমৃদ্ধ হবে। মৎস্যসম্পদ রক্ষা ও কর্মসূচির সুফল পেতে এলাকাবাসীকে সচেতন হওয়ার পাশাপাশি দেশের সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে রাজশাহীর পবা উপজেলার কর্ণহার বড়বিলার জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে তিনি জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন।
চলতি অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় পবা উপজেলার ১৯টি জলাশয়ে মোট ৫৪৩ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। অভ্যন্তরীণ জলাভূমি, বর্ষাপ্লাবিত ধানখেত, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এ কর্মসূচি নেওয়া হয়েছে। পোনা অবমুক্তকরণ কর্মসূচির সফলতা নিয়ে আশাবাদ ব্যক্ত করে শফিকুল হক মিলন বলেন, “আমার বিশ্বাস, সর্বসাধারণের জন্য আজ ক্ষেত-খামার ও বিলে যে মাছ অবমুক্ত করা হলো, সেই খবরটি তারেক রহমানের কাছে পৌঁছাবে। তিনি হয়তো পবাকে একটি মডেল হিসেবে ধরে ভবিষ্যতে দেশের অন্যান্য স্থানেও এমন গঠনমূলক কর্মকাণ্ডে সবাইকে অনুপ্রাণিত করবেন।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন। তিনি বলেন, পবার বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি জলজ জীববৈচিত্র্য রক্ষায় ভূমিকা রাখা সম্ভব হবে। অবমুক্ত করা পোনাগুলো যাতে নির্বিঘ্নে বেড়ে উঠতে পারে, সে জন্য স্থানীয় জনগণকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সরকারি এ উদ্যোগ সফল করতে সবাইকে সম্মিলিতভাবে জলাশয়ের মাছ রক্ষা ও অবৈধভাবে মাছ ধরা বন্ধে সহযোগিতা করতে হবে। পবা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ওয়ালী উল্লাহ মোল্লাহ।
