আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ২৫০ ইসরায়েলি
অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রায় ২৫০ ইসরায়েলি বসতি স্থাপনকারী প্রবেশ করেছেন। এ সময় ইসরায়েলি সেনাদের সুরক্ষায় তারা সেখানে প্রার্থনা ও বিভিন্ন ধর্মীয় আচার পালন করেন বলে জানিয়েছে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা। আল-আকসা মসজিদ প্রাঙ্গণে অমুসলিমদের প্রবেশের অনুমতি রয়েছে। তবে সেখানে প্রার্থনা বা ধর্মীয় আচার পালন করার অনুমতি নেই। ১৯৬৭ সালে ইসরায়েল ও বিভিন্ন পুক্ষের মধ্যে প্রতিষ্ঠিত ‘স্ট্যাটাস কো’ ব্যবস্থার অধীনে এই নিয়ম চালু রয়েছে। ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে বিবেচিত আল-আকসা মসজিদ প্রাঙ্গণটি দীর্ঘদিন ধরেই ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের অন্যতম স্পর্শকাতর এলাকা। ইসরায়েলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির দায়িত্ব নেওয়ার পর থেকে সেখানে উত্তেজনা আরও বেড়েছে। ২০২২ সালে মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি একাধিকবার আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করেছেন। এসব ঘটনাকে ফিলিস্তিনিরা পবিত্র স্থানের মর্যাদা ও দীর্ঘদিনের প্রচলিত ব্যবস্থার জন্য হুমকি হিসেবে দেখছেন। আল-আকসা প্রাঙ্গণে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের প্রবেশ ও সেখানে ধর্মীয় আচার পালনের ঘটনা নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র: আল-জাজিরা/এফএনএস
