মন্দির ও বাড়িঘরে হামলার প্রতিবাদে নগরীতে গণঅনশন
প্রেস বিজ্ঞপ্তি : শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমি, মহানবমী ও বিজয়া দশমীতে কুমিল্লা, চাঁদপুরের হাজীগঞ্জ, নোয়াখালির চৌমুহনি, চট্টগ্রাম, রংপুরের পিরগঞ্জ সহ সারা দেশের বিভিন্ন জেলায় মন্দির ও দুর্গাপূজার মন্ডপ এবং প্রতিমা ভাংচুর, হিন্দুদের বাড়ীঘরে ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট, অগ্নিসংযোগ এবং ইসকন মন্দিরে হামলা চালিয়ে মানকি সাহা, যতন সাহা, নিমাই কৃষ্ণ-কে হত্যা করা ও নারকীয় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ,
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সনাতন বিদ্যার্থী সংসদ, মহিলা ঐক্য পরিষদ, ছাত্র ঐক্য পরিষদ, ইসকন রাজশাহী ও রাজশাহীর সকল পূজা মন্ডপের উদ্যোগে গতকাল শনিবার সকাল ৯টায় সাহেব বাজার জিরো পয়েন্টে গণ অবস্থান, গণঅনশন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগরের সভাপতি ড. সুজিত সরকার।
বক্তব্য রাখেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, রাজশাহী জেলার সভাপতি অনিল সরকার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, সহ-সভাপতি দেবাশীষ প্রামানিক দেবু প্রমুখ। সমাবেশে অনিল সরকার বলেন, সারাদেশে সংখ্যালঘুদের উপর হামলা-নির্যাতন বন্ধ করতে হবে। অবিলম্বে হামলা, নির্যাতন, হত্যা ও অগ্নিসংযোগের সাথে জড়িতদের গ্রেফতার করে বিচারের মুখোমুখী করতে হবে। সংখ্যালঘু সুরক্ষা আইন অতি দ্রুত প্রণয়ন করতে হবে।
