পুঠিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
পুঠিয়া সংবাদদাতা : রাজশাহীর পুঠিয়ায় বাড়ির পাশে পুকুরে গোসলে করার সময় পানিতে ডুবে সাত বছরের শিশু সিজান হোসেনের মৃত্যু হয়েছে। গত রোববার রাত সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুকুর থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে। সেজান পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামের রুবেল হোসেনের ছেলে। শিশুটির বাবা রুবেল হোসেন জানান, রোববার দুপুরের দিকে সেজান পাড়ার অন্যান্য ছেলেদের সাঙ্গে পুকুরে গোসল করতে যায়। তবে অন্যরা গোসল শেষে বাড়ি ফিরলেও সে ফেরেনি।
তাকে না পেয়ে বিকেলের দিকে ওই পুকুরে অনেক খোঁজাখুঁজি করা হয়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তল্লাশি চালিয়ে সিজানের লাশ উদ্ধার করেন। গত সোমবার বিকেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পুঠিয়া ফায়ার সার্ভিস ইনচার্জ আরিফুল ইসলাম। তিনি জানান, পুকুরের গভীরতা বেশি থাকায় সিজান নামে শিশুটি পুকুরের গভীরে তলিয়ে যায়। পরে ডুবুরি দল পুকুর থেকে তার লাশ উদ্ধার করে। গত সোমবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে শিশুটিকে দাফন করা হয়েছে।
