রাজশাহী নগরীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মানববন্ধন
প্রেস বিজ্ঞপ্তি : শারদীয় দূর্গোৎসবের মহাঅষ্টমি, মহানবমী ও বিজয়া দশমীতে কুমিল্লা, চাঁদপুরের হাজীগঞ্জ, নোয়াখালির চৌমুহনি, চট্টগ্রাম, রংপুরের পিরগঞ্জ সহ সারা দেশের বিভিন্ন জেলায় মন্দির ও দুর্গাপূজার মন্ডপ এবং প্রতিমা ভাংচুর, হিন্দুদের বাড়ীঘরে ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট, অগ্নিসংযোগ এবং ইসকন মন্দিরে হামলা চালিয়ে মানকি সাহা, যতন সাহা, নিমাই কৃষ্ণ-কে হত্যা করা ও নারকীয় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে গতকাল সোমবার সকাল ১১টায় সাহেব বাজার জিরো পয়েন্টে ইসকন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সনাতন বিদ্যার্থী সংসদ, মহিলা ঐক্য পরিষদ, ছাত্র ঐক্য পরিষদ ও রাজশাহীর সকল পূজা মন্ডপের উদ্যোগে এক বিরাট মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ইসকন, রাজশাহী কেন্দ্রের অধ্যক্ষ রামেশ্বর দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, রাজশাহী জেলার সাধারণ সম্পাদক অসিত কুমার ঘোষ, নগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ রনজিৎ সাহা, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ঘোষ, নগর পূজা উদযাপনের সভাপতি অলোক কুমার দাস, সহ-সভাপতি গৌতম দাস, সাংগঠনিক সম্পাদক মৃদুল সাহা, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিপন্ন কুমার সরকার, বোয়ালিয়া থানার সাধারণ সম্পাদক সুমন ঘোষ, মহিলা ঐক্য পরিষদের আহ্বায়ক বরুনা শীল, ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক রুদ্র ধর, সনাতন বিদ্যার্থী সংসদের সমন্বয়ক রনি সরকার প্রমুখ।
